ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবের সমালোচনা করে আসা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এবার এই বাহিনীর প্রশংসা করলেন।
নির্যাতিত এক শিশু গৃহকর্মীকে উদ্ধার এবং গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গ্রেপ্তারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে সোমবার বিকালে র্যাবের প্রধান কার্যালয়ে যান তিনি।
মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “সুনির্দিষ্ট এই কাজটির জন্য র্যাবকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমি এখানে এসেছি।”
র্যাবের কথিত ক্রসফায়ারের সমালোচনা করে তিনি আগে বলেছিলেন, অভিযানে তাদের গুলিতে সন্দেহভাজনরা মারা যায় কেন। র্যাবের প্রশিক্ষণে ত্রুটি রয়েছে।
র্যাব জানায়, মানবাধিকার কমিশনের তথ্যের ভিত্তিতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাথী নামে আট বছরের এক গৃহকর্মীকে রোববার রাতে উদ্ধার করা হয়, যার দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।
ওই সময় গৃহকর্তা ঠিকাদার মোস্তফা জামান (৩৮) এবং তার স্ত্রী সালমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
বিকালে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাথী এবং গৃহকর্তা জামান ও তার স্ত্রীকে সাংবাদিকদের সামনে আনা হয়।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, র্যাব মানবাবিধার কমিশনের সঙ্গে একযোগে কাজ করলে মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি সম্ভব।
গুম প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, সম্প্রতি গুমের ঘটনা কমেছে- এটা সত্য। তবে মানবাধিকার কমিশন এটাতেই সন্তুষ্ট নয়। এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। আর যাতে কোনো হত্যা বা ঘুমের ঘটনা না ঘটে সে ব্যাপারে নজর রাখতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে মানবাধিকার কমিশনের সঙ্গে র্যাব একযোগে কাজ করবে বলে জানান বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দিয়ে সাথী বলেন, “অমি কখনো কথা না শুনলে বা কোনো কাজ করতে দেরি হলে খুন্তি গরম করে আমার শরীরে ছ্যাঁকা দেওয়া হতো।”
বাড়ি বরিশাল এবং বাবার নাম আইয়ুব ছাড়া আর কিছু বলতে পারেনি সাথী।
আট থেকে নয় মাস আগে এই বাসায় সে কাজ নেয় বলে জানায় সাথী। তার মা তাকে এই বাসায় রেখে যায়।
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে গৃহকর্ত্রী সালমা আক্তার বলেন, “কাজ না করার কারণে মাঝে মধ্যে তাকে চড়-থাপ্পড় দেওয়া হত। তার শরীরে যে দাগ আছে সেগুলো এই বাসায় কাজ নেওয়ার অনেক আগের।
এই ঘটনায় উত্তরা থানায় একটি মামলা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েলও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএফ/এএইচ/এমআই/২১৩৩ ঘ.
bdnews24