ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলন চাঙা করার লক্ষ্যে জেলায় জেলায় সর্বদলীয় ‘সংগ্রাম কমিটি’ গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকালে নয়া পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন।
সদ্য কারামুক্ত ফখরুল বলেন, “সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ সবক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তাই আর বসে থাকার সময় নেই।
“নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে জেলা-মহানগরে সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলনকে জোরদার করতে হবে।”
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও আটক নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।
তবে বৃষ্টির কারণে সমাবেশ সংক্ষিপ্ত হওয়ায় এতে কেন্দ্রীয় নেতাদের অনেকে বক্তব্য দিতে পারেননি।
ফখরুল বলেন, “সরকার স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে কারাগারে আটকে রাখার কৌশল নিয়েছে। উদ্দেশ্য একটাই, আন্দোলন যাতে বেগবান হতে না পারে। কিন্তু এতে লাভ হবে না। নির্যাতন ও গ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না।”
দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করে বিএনপি নেতা বলেন, “ইলিয়াস আলী গুম হওয়ার আজ দুই মাস অতিবাহিত হয়েছে। সরকার এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি।”
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও মহানগর ১৮ দলীয় জোটের সমন্বয়ক আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24