রংপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতাকে জামিনে মুক্তি দেওয়ার পর আবার কারা ফটক থেকে গ্রেপ্তার করার প্রতিবাদে রংপুরে আধাবেলা হরতাল পালিত হয়েছে।
রোববার হরতালের সময় শহরের বিভিন্ন স্থানে পিকেটাররা সাতটি গাড়ি ভাংচুর এবং একটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর জেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল যৌথভাবে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতালের ডাক দেয়।
কোতয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যুবদল কর্মী বিপ্লব ও আলীমকে আটক করা হয়েছে।”
হরতালের কারণে রংপুর থেকে দূরপাল্লার সব যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা পড়েন দুর্ভোগে।
সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় শহরে মানুষের চলাচলও ছিল কম। শহরে অল্প কিছু রিকশা চলাচল করেছে। দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
হরতাল চলা কালে দুপুর ১২টার দিকে বিএনপি অফিস থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রইছ আহাম্মেদ, ছাত্রদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুজুন্নবী ডন, ছাত্রদল জেলা সভাপতি জহিরুল আলম নয়ন।
যুবদলের সভাপতি রইছ আহাম্মেদ বলেন, হাইকোর্টের জামিন পাওয়ার পর সরকার ১৮ দলের নেতাদের মুক্তি দিলেও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম আলীম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপুকে কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়।
“তাদের মুক্তি দেওয়া না হলে আরো কঠোর কর্মসূটি দেওয়া হবে।”
হাবিবুন্নবী খান সোহেলের বাড়ি রংপুর শহরের গুপ্তপাগায়।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ বিরোধী দলের নেতারা গত ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
হাইকোর্টের জামিন পেয়ে বৃহস্পতিবার রাতে তারা কারাগার থেকে বেরিয়ে এলেও সোহেল, টুকু, নিরব ও সপুকে কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়। একইভাবে তিন দিন আগে মুক্তির পরপরই গ্রেপ্তার হন আলিমুল ইসলাম আলীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৪২১ ঘ.
bdnews24