ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার রাতে সৌদি আরব রওনা হয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে রওনা হন তিনি।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৌদি আরবের জেদ্দায় বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ রয়্যাল হাসপাতালে বিরোধী দলীয় নেতার স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি নির্ধারিত রয়েছে। তিনি সৌদি বাদশাহর আমন্ত্রিত মেহমান হিসেবে রিয়াদে রাজকীয় প্যালেসে অবস্থান করবেন।’’
সৌদি আরব যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন দুবাইয়ে যাত্রাবিরতি করবেন বলে জানান মারুফ কামাল খান।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান।
প্রেস সচিব জানান, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিরোধী দলীয় নেতার সৌদি সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি আছে। খালেদা জিয়ার উমরাহ পালনের কথাও রয়েছে।
খালেদা জিয়া আগামী ২১ জুন দেশে ফিরবেন বলে জানান প্রেস সচিব মারুফ।
বিরোধী দলীয় নেতার সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে তার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, দলের তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, খালেদার ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ সৌদি আরব গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩৩ ঘ.
bdnews24