ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকার গুম-নির্যাতন-গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকার বিরোধী দলকে সহ্য করতে পারছে না। তারা অসহিষ্ণু হয়ে পড়েছে। গুম-নির্যাতন-গ্রেপ্তারের মাধ্যমে তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়।”
সরকারের এ ‘অপচেষ্টার’ বিরুদ্ধে জনগণকে গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি সমর্থক সংগঠন হৃদয়ে বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে।
বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের কারাগারে বন্দি করে রাখার সমালোচনা করে সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, “সম্মানিত নেতাদের এভাবে কারাবন্দি করে রাখার মাধ্যমে সরকারের ফ্যাসিস্ট চরিত্র প্রকাশ পেয়েছে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখন নিশ্চুপ বসে থাকার সময় নয়। তাই জণগনকে নিয়ে গণ ঐক্য গড়ে তুলতে হবে।”
সাবেক এই সেনাপ্রধান দাবি করেন, দেশের মানুষ যে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে, সোমবারের গণসমাবেশে বিপুল জনসমাগমই তার প্রমাণ।
সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, ক্রীড়া সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল লতিফ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১২২১ ঘ.
bdnews24