২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতন চললে কর্মসূচিও বদলাবে: বিএনপি

ঈদের আগে জনদুর্ভোগ এড়াতে কঠোর কর্মসূচি দেওয়া না হলেও সরকারি নির্যাতন চললে কর্মসূচির ধরন পাল্টাবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে জনদুর্ভোগ এড়াতে কঠোর কর্মসূচি দেওয়া না হলেও সরকারি নির্যাতন চললে কর্মসূচির ধরন পাল্টাবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সোমবারের গণসমাবেশের আগে শুরু হওয়া গ্রেপ্তার অভিযান ও মামলা দায়ের এখনো চলছে। এভাবে চলতে থাকলে আন্দোলনের ঘোষিত কর্মসূচি আমরা পুনর্বিবেচনা করব।” তরিকুল জানান, গত কয়েকদিনে বিএনপির শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। এছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আালীম এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি কামাল আনোয়ার আহমেদ মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই আরেকটি মামলায় গ্রেপ্তার হন। তরিকুল গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। পাশাপাশি সমাবেশ সফলের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান। বিএনপি নেতা বলেন, “সরকারের সব বাধা ডিঙিয়ে জনগণ সোমবারের গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছে। সরকারের সব অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।” “সফল গণসমাবেশের মাধ্যমে জনগণ সরকারকে জানিয়ে দিয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এ দেশে কোনো নির্বাাচন হতে দেবে না,” বলেন তিনি। নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তরিকুলের সঙ্গে ছিলেন নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, শফিউল বারী বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৫৬ ঘ.