চাঁদপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি’র মহাসমাবেশকে সামনে রেখে সোমবার চাঁদপুর-ঢাকা যাত্রীবাহী লঞ্চ ও বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে প্রশাসন থেকে এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফর।
চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ঈগল ও ময়ূর লঞ্চের মো. আলী আজগর সরকার রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদেরকে সোমবার চাঁদপুর লঞ্চঘাটে কোনো লঞ্চ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
উপরের মহল থেকে এই নির্দেশ দেওয়ার কথা জানালেও তিনি কারো নাম বলেননি।
আব-এ-জমজম লঞ্চের ব্যবস্থাপক বিপ্লব সরকার বলেন, “নাশকতার আশংকায় আমাদেরকে সোমবার এই রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখতে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।”
তবে রোববার রাতে লঞ্চ চলাচলের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই বলে বিপ্লব জানান।
চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা পরিবহনের (বাস) মালিক মো. মফিজ সরকার বলেন, “সোমবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে কোনো ধরনের বাস ছেড়ে যাবে না। সেখান থেকেও কোনো বাস ছেড়ে আসবে না। ঢাকা থেকে আমাদের বিষয়টি জানানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24