২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশের আগে গণপরিবহন ‘সংকট’

বিএনপি নেতৃত্বাধীন জোটের ‘গণসামবেশের’ দিন সকাল থেকে হঠাৎ করেই গণপরিবহনের সংকট দেখা দিয়েছে রাজধানীর রাজপথে। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচলও বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 04:38 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন জোটের ‘গণসামবেশের’ দিন সকাল থেকে হঠাৎ করেই গণপরিবহনের সংকট দেখা দিয়েছে রাজধানীর রাজপথে। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচলও বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে অধিকাংশ শীর্ষ নেতাকে কারাগারে রেখেই সোমবার নয়া-পল্টনে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি ইতোমধ্যে অভিযোগ করেছে, ঢাকাসহ সারাদেশে তাদের বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নয়া পল্টনে সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার নানাভাবে বাধার সৃষ্টি করছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ১২ মার্চ একই স্থানে মহাসমাবেশ করে ঢাকায় এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি পূরণের জন্য ৯০ দিন সময় বেঁধে দিয়েছিলেন তিনি, যা রোববারই শেষ হয়েছে। ১৮ দলীয় জোট নেতারা জানান, সোমবারের সমাবেশ থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া। গত শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সঙ্গে বসে কর্মসূচি চূড়ান্তও করেছেন তিনি। এই গণসমাবেশকে কেন্দ্র করে রোববার থেকেই ঢাকাসহ সারাদেশে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও বাড়তি পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশ নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিলেও গত ১২ মার্চের মতোই ১১টি শর্ত দিয়েছে। মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ফকিরাপুল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড়ের মধ্যে। মমশর্তের মধ্যে আরো রয়েছে- মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না, সমাবেশ শুরুর দুই ঘণ্টার বেশি আগে লোক সমাগম করা যাবে না, বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। সমাবেশ প্রস্তুতি ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ সামনে রেখে ঢাকার প্রবেশ পথগুলোতে প্রশাসন ও পুলিশ বাধা সৃষ্টি করেছে। রোববার রাতে সারাদেশে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী চালানো হয়েছে। রাজধানীতে সকাল থেকে সব বেসরকারি যান চলাচল বন্ধ করে দিয়েছে।” “এসব প্রতিবন্ধকতা আর সময়ের স্বল্পতার পরও সমাবেশের সব প্রস্তুতি আমরা শেষ করেছি। জনস্রোত সরকার ঠেকাতে পারবে না। আশা করছি, শান্তিপূর্ণ এই সমাবেশ বিকালের আগেই জনসমুদ্রে পরিণত হবে”, বলেন তিনি। গণসমাবেশের জন্য ৬০ ফুট দীর্ঘ ও ২৯ ফুট প্রশস্ত মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে সোমবার সকালে। মঞ্চে বিছানো হয়েছে লাল কার্পেট। সারিবদ্ধভাবে চেয়ার বসানো হয়েছে বিএনপি ও ১৮ দলের শীর্ষ নেতাদের জন্য। বিকাল ৩টায় এই গণসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর কথা থাকলেও সকাল থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। জাসাস শিল্পীরা দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীত পরিবেশ করে কর্মীদের উৎসাহ যোগাচ্ছেন। গণসমাবেশ ঘিরে নয়া পল্টন, ফকিরেরপুল, বিজয় নগরসহ সবগুলো অলি-গলিতে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। উঁচু দালালগুলোতেও বসানো হয়েছে পুলিশি পাহারা। এদিকে সমাবেশের দিন সকাল থেকেই হঠাৎ করে গণপরিবহণের সংকট দেখা দেওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। রাস্তায় প্রাইভেট কার, অটোরিকশা ও কিছু রিকশা চললেও বাসের সংখ্যা একেবারেই কম। গাবতলী থেকে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী বাসের মালিক মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার তিনটি বাসের মধ্যে একটি পুলিশ রিকুইজিশন করেছে। সমাবেশের আগে ভাঙচুর ও রিকুইজিশনের ভয়ে বাকি দুটি বাস তিনি আর বের করেননি। একই কারণে অন্য বাস মালিকরাও রাস্তায় বাস বের করছেন না বলে জানান তিনি। বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচলও গত রাত থেকে বন্ধ রয়েছে। ফেনী ও ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রী পরিবহনের মালিক হীরন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যাত্রী নিয়ে ঢাকায় যেতে নিষেধ করে দিয়েছে। যেসব বাস চলছে সেগুলো তল্লাশী করে যুবকদের নামিয়ে দেওয়া হচ্ছে।” আমাদের চাঁদপুর, কিশোরগঞ্জ, বরিশাল, শেরপুর,বগুড়া নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন, এসব স্থান থেকে সকালে ঢাকার কোনো বাস ছেড়ে আসেনি। এদিকে বিভিন্ন রুটের ৩২টি লঞ্চ সকালে ঢাকা পৌঁছালেও সেগুলোকে সদরঘাটে ভিড়তে দেওয়া হয়নি। বিআইডিব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝনদীতে নৌকায় বা ওপরে এসব লঞ্চের যাত্রী নামানো হয়েছে। লঞ্চ ঘাটে ভিড়তে না দেওয়ার কারণ জানতে চাইলে সোলায়মান বলেন, “এটা আমার জানা নেই।” তবে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ নৌ পরিবহন সংস্থার সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ নিষেধ করে দিয়েছে, যাতে সমাবেশের লোক নিয়ে কোনো লঞ্চ ঢাকায় না আসে।” সকাল থেকে বন্ধ রয়েছে কেরানীগঞ্জ থেকে ঢাকামুখী ট্রলার চলাচলও। বরিশুর ট্রলার মালিক সমিতির সভাপতি আবু সালেক বলেন, “পুলিশ গতকাল ডেকে নিয়ে বলেছে, আজ যেন ট্রলার না চালাই।” অবশ্য পুলিশের এ ধরনের নির্দেশনার কথা অস্বীকার করেছেন কেরানীগঞ্জের ওসি (তদন্ত) মো. মাইনুদ্দীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুলিশ এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি। এটা নৌযান মালিকদের নিজস্ব ব্যাপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/কেটি/জেকে/১০৩০ ঘ.