ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সমাবেশের আগে পুলিশ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার সন্ধ্যায় বিএনপির এক বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ সারাদেশে তাদের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়া পল্টনে সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার নানাভাবে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে বিএনপি।
সোমবার নয়া পল্টনে জনসভা করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, “আওয়ামী লীগ সরকার তাদের চিরাচরিত ফ্যাসিস্ট কায়দায় ১২ মার্চের মতো এবারও ঢাকার সমাবেশকে বাধা প্রদান এবং সমাবেশস্থলে বিপুল লোক সমাগম ব্যাহত করতে নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।”
ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে তল্লাসির নামে হয়রানি এবং ঢাকা অভিমুখে রাস্তার বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে গাড়িতে তল্লাশি হচ্ছে বলে দাবি করেছে বিএনপি।
গ্রেপ্তার অভিযানের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে বিএনপি।
বিবৃতিতে গ্রেপ্তারের একটি তালিকা দিয়ে বলা হয়, এটি অসম্পূর্ণ তালিকা। সারাদেশ থেকে গ্রেপ্তারের আরো খবর আসছে।
ঢাকায় গ্রেপ্তার: যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এস এম জিলানী, স্বেচছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আবু জাফর পাটোয়ারী বাবু, হারুন-অর রশীদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুম বিল্লাহ খান, জাসাস নিউ মার্কেট থানার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, দক্ষিণ খান ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বাদশা প্রমুখ।
খুলনায় গ্রেপ্তার: জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, ডুমুরিয়া থানা যুবদল নেতা সহিকুল ইসলাম লাচ্ছু, শ্রমিক দল নেতা তালেব, মহানগর সভাপতি আরব আলী সহ ২৮ জন।
গাজীপুরে গ্রেপ্তার: ওলামা দলের কাপাসিয়া থানার টোক ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেনসহ ৪৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১২২ ঘ.
bdnews24