ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাবেশ করতে তিন স্থানের জন্য অনুমতি চেয়ে কোনো সাড়া না পাওয়ার মধ্যে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সোমবার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
ওই সমাবেশ থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। কর্মসূচি চূড়ান্ত করতে শনিবার রাতে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “একদিন বাকি থাকলেও পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ পর্যন্ত আমাদের সমাবেশের স্থান ও মাইক ব্যবহারের অনুমতি দেয়নি।
“আমরা সরকার বলতে চাই, দ্রুত অনুমতি দিন। নইলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই ১১ জুন সমাবেশ করার ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ।”
গত ১২ মার্চ নয়া পল্টনে সমাবেশ থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে ১০ জুন পর্যন্ত সময় দেন বিএনপি চেয়ারপারসন। তা না হলে ১১ জুন সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।
১৮ দলীয় জোটের এই সমাবেশের জন্য পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ ও নয়া পল্টনের সড়ক চেয়ে গত ২৪ মার্চ বিএনপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়।
এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন ময়দানে সমাবেশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। অন্য দুটির বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
সাবেক মন্ত্রী তরিকুল বলেন, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বৃহস্পতিবার ও শনিবার দুই দফা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে দুই ঘণ্টা অপেক্ষা করেও কমিশনারের দেখা পাননি।
“সেখানকার কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলের প্রতি ন্যূনতম সৌজন্য ও ভদ্রতা প্রদর্শন করেননি, এটা দুঃখজনক,” বলেন তিনি।
সরকার সমাবেশ করতে দিতে চায় না বলে বিভিন্ন প্রতিবন্ধতা তৈরি করছে অভিযোগ করে তরিকুল বলেন, “যত প্রতিবন্ধকতা সৃষ্টি হোক না কেন, সোমবার বিএনপি জনসভা হবেই। কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে এর দায়ভার সরকারের ওপর বর্তাবে।”
সমাবেশের প্রচার চালাতে মাইক ব্যবহারের অনুমতিও পুলিশ দিচ্ছে না অভিযোগ করে এর নিন্দা জানান তিনি। বিএনপি নেতা বলেন, তারপরও ১২ মার্চের দ্বিগুণ জনসমাগম হবে সোমবার।
সংবাদ সম্মেলনে তরিকুলের সঙ্গে ছিলেন আবদুল্লাহ আাল নোমান, মোহাম্মদ শাহজাহান, মশিউর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩১ ঘ.
bdnews24