২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকায় সমাবেশের দুদিন আগে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বসছেন বিরোধীদলীয় নেতা, যেখানে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 04:56 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সমাবেশের দুদিন আগে দলের নীতি-নির্ধারকদের বৈঠকে ডেকেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, যেখানে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হবে বলে জানিয়েছেন খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে গত ১২ মার্চের জনসভায় সরকারকে ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে খালেদা জিয়া বলেছিলেন, তা না হলে ১১ জুনের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের পক্ষ থেকে ওই দাবির বিষয়ে এখনো সরকার কোনো সাড়া না দেওয়ার প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।” বৈঠকে ১১ জুন ঢাকার সমাবেশের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে বলে তিনি জানান। দলের নেতাদের সঙ্গে বৈঠকের আগে গত বৃহস্পতিবার আন্দোলনের কর্মসূচির বিষয়ে ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের মতামত নিয়েছেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৫১ ঘ.