ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাই কোর্টের এক বিচারকের মন্তব্য নিয়ে সংসদে সৃষ্ট উত্তেজনার অবসান স্পিকারের রুলিংয়ে আসবে বলে আশা করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি শনিবার সাংবাদিকদের বলেছেন, “শুনেছি স্পিকার ওই বিষয়ে রুলিং দেবেন। আমরা মনে হয়, এর মাধ্যমেই ওই বিতর্কের পরিসমাপ্তি ঘটবে।”
উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে গত মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মন্তব্য করলে তা নিয়ে ওই রাতে সংসদে তুমুল সমালোচনা ওঠে।
ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা ওই বিচারকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানানোর পাশাপাশি বিচারপতি অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার হুমকিও দেন।
এরপর ডেপুটি স্পিকার শওকত আলী বিক্ষুব্ধ সংসদ সদস্যদের জানান, এই বিষয়ে কয়েকদিনের মধ্যে স্পিকার রুলিং দেবেন।
ব্যারিস্টার শফিক বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক অধিকার সবারই রয়েছে। একটি রাষ্ট্র সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ দিয়ে পরিচালিত হয়। এসব বিভাগের নিজেদের এখতিয়ারের মধ্যে থেকেই কথা বলা উচিত। তাদের মধ্যে যেন কোনো ধরনের বিরোধ না দেখা দেয়।”
ব্র্যাক সেন্টারে সেভ-দ্যা চিলড্রেন ও জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত শিশু আইন বিষয়ক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
‘চিলড্রেন অ্যাক্ট রিফ্রম অফ চিলড্রেন জাস্টিজ সিস্টেম’ শীর্ষক ওই সেমিনারে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রনজিত কুমার বিশ্বাস, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান বলেন, “এদেশের বিচার ব্যবস্থা ধনীবান্ধব। তাই গরিব মানুষ বিচার পায় না। এই ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিৎ।”
তার এই মন্তব্য ধরে আইনমন্ত্রী বলেন, “এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রতিটি দেশে বিচার ব্যবস্থার একই অবস্থা। অনেক সময় ধনী লোকেরা অপরাধ করে আদালতে অর্থ খরচ করে পার পেয়ে যায়।”
“তবে ধনীরা অপরাধ করেও যাতে অর্থ দিয়ে রক্ষা না পেতে পারেন, সে জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলায় আইন সহায়তা দিতে কমিটি রয়েছে। যারা গরিব ও অর্থিক সঙ্কটে আছে তাদের জন্য এই কমিটি আর্থিক ও আইনি দিয়ে যাচ্ছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24