নোয়াখালী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১৪ নেতাকর্মী আহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত নেতাদের মুক্তির দাবিতে শিবির উপজেলা সদরে মিছিল বের করলে ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র শিবিরের ঝটিকা মিছিলটি উপজেলা জামে মসজিদ চত্বরে আসলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়।
এসময় নিজাম উদ্দিন, নুর হোসেন, মুজাহিদুল ইসলাম, মেহেরাজ উদ্দিন, রাজিব, কামাল উদ্দিন, তারেক, হাফেজ সুমন, তাইফুল ইসলাম, ইলিয়াছ, এমরান, মাকছুদ, কাউছার ও কামরুল ইসলাম আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নিজাম উদ্দিন জানান, বিনা উস্কানিতে ছাত্রলীগ কর্মীরা তাদের মিছিলে হামলা চালিয়ে কর্মীদের আহত করেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনাজ উদ্দিন জানান, শিবির যুদ্ধাপরাধীরে পক্ষে মিছিল করায় তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে।
হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৩৩ ঘ.
bdnews24