ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমমনা ১৮টি যুব সংগঠন নিয়ে ‘জাতীয়তাবাদী যুব ঐক্য’ নামে নতুন একটি জোট গঠন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এই নতুন জোটের যাত্রা শুরুর ঘোষণা দেন।
নতুন জোটের সংগঠনগুলো হলো- যুবদল, যুব জাগপা,গণতান্ত্রিক যুব লীগ,ইসলামী যুব খেলাফত, যুব জমিয়ত, বাংলাদেশ ন্যাশনাল যুব পার্টি, বাংলাদেশ যুব ন্যাপ, লেবার পার্টি যুব ফোরাম, খেলাফত যুব আন্দোলন, বাংলাদেশ যুব শক্তি, গণতান্ত্রিক যুব দল, বাংলাদেশ যুব কল্যাণ পার্টি, হিন্দু- বৗদ্ধ-খৃস্টান যুব ফ্রন্ট, বাংলাদেশ সচেতন যুব ফোরাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতি, বাংলাদেশ যুব সেবা পার্টি ও মুসলিম যুব সংঘ।
এর মধ্যে হিন্দু বৌদ্ধ-খৃস্টান যুব ফ্রন্ট ও যুব সেবা পার্টি ছাড়া বাকি ১৬টি সংগঠনই বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৬টি দলের সহযোগী সংগঠন।
গত ১৮ এপ্রিল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের রূপরেখা ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
নতুন যুব জোট গঠনের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিসহ দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সর্বসম্মতভাবে ১৮টি যুব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই নতুন জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই জোট ১৮ দলীয় জোটের সব কর্মসূচিতে অংশ নেব।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আলাল জানান, ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ‘কোনো যুব সংগঠন না থাকায়’ নতুন জোটে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই।
তিনি জানান, ১১ দফার ভিত্তিতে জাতীতাবাদী যুব ঐক্য গঠন করা হয়েছে। এর মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, যুবা বয়সীদের কর্মসংস্থান, পূঁজিবাজারের অর্থ লুণ্ঠনকারীদের বিচার, দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল, দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি রয়েছে।
অন্যদের মধ্যে যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সহসভাপতি মনিরুজ্জামান মুনির, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলী নেওয়াজ আলী, জাকারিয়া মঞ্জুর, যুব জাগপার বেলায়েত হোসেন মোড়ল, গণতান্ত্রিক যুব লীগের খোকন চন্দ্র দাস, ইসলামী যুব খেলাফতের মাওলানা শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন যুব সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫০ ঘ.
bdnews24