ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে আনার পক্ষে ক্ষমতাসীন মহাজোট সংসদ সদস্যদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বুধবার এক আলোচনা সভায় সাবেক এই আইনমন্ত্রী বলেন, “সংবিধান অনুযায়ী সংসদ সার্বভৌম। সংসদের ওপর খবরদারি করার অধিকার সংবিধান কোনো আদালতকে দেয়নি। তাই আমি মনে করি, যে কোনো অবস্থায় জাতীয় সংসদের সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে।”
উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার আবদুল হামিদের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ মন্তব্য করলে তা নিয়ে সংসদে তুমুল সমালোচনা ওঠে।
ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা বিচারপতি শামসুদ্দিনকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন। অন্যথায় বিচারপতি অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার হুমকিও দিয়েছেন তারা।
১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া ছিল সংসদ সদস্যদের হাতে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংশোধনী এনে এই ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করেন।
সুপ্র্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন নয়, সংসদের মাধ্যমে বিচারপতিদের অভিশংসন হওয়া উচিৎ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এজন্য সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহালের জন্য মহাজোটের সাংসদদের প্রতি আহবান জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় সংসদ সদস্য মওদুদ বলেন, “জাতীয় সংসদ যে কোনো বিষয়ে আলোচনার অধিকার রাখে। এজন্যই জনগণ সংসদ সদস্য হিসেবে আমাদের নির্বাচিত করেছেন। সে জন্য সংসদের আলোচনার বিষয়ে আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না।”
বিচারপতিদের সংসদের কাছে জবাবদিহিতা করার বিধানের পক্ষে মত জানিয়ে বিরোধীদলীয় এই নেতা বলেন, “আমি মনে করি, বিচারপতিদের জবাবদিহিতা সংসদের কাছে হওয়া উচিৎ। কারণ সংসদ জনগণের ফোরাম। তাই মহাজোটের সদস্যদের বলব, ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করুন।”
“সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচারপতিরাই সদস্য থাকেন। বিচারপতিদের বিচার বিচারপতিরা করবেন, তা হয় না,” বলেন এই আইনজীবী।
ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের কারণে দেশে আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে মন্তব্য করে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায়ের সমালোচনা করেন মওদুদ।
তিনি বলেন, “প্রধান বিচারপতি পদ থেকে অবসরের ১০ মাস পর তিনি (খায়রুল হক) পঞ্চম সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের খসড়া সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন বলে শুনেছি। অবসরের পর ওই রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়।”
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় মওদুদ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস বানু শিরিন, নেওয়াজ হালিমা, রাশেদা বেগম হীরা, সুলতানা আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২১৮ ঘ.
bdnews24