ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের পরীক্ষা নিতে বিরোধী দলকে আহবান জানিয়েছেন আমির হোসেন আমু।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করা যায়, আওয়ামী লীগ তা প্রমাণ করবে।
সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় আগামী নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষভাবে হবে না দাবি করে নির্বাচনকালীন অন্তর্র্বতী সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল।
আমু সোমবার জাতীয় গণগ্রন্থাগারে এক সভায় বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশ্যে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তা আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ করবে।
“আসুন সে নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা করুন ও ফলাফল নিন। যদি আমাদের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন, তাহলে আমরা চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে নেব।”
আগামী নির্বাচন কীভাবে হবে তা নিয়ে সংলাপের কথা ইতোমধ্যে উঠেছে। বিএনপি বলেছে, নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিলে তারা সংলাপে বসতে রাজি।
আমু বলেন, “বিরোধী দল সংলাপ চায় না। সংলাপে বিশ্বাস করলে তারা সরকার পতনের হুমকি দেয় কেন?”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাওয়ার আড়ালে বিরোধী দল যুদ্ধাপরাধীদের মুক্ত করার জন্য আন্দোলন করছে বলে দাবি করেন সরকারি দলের এই সংসদ সদস্য।
বিরোধী দলকে হুঁশিয়ার করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২০৫ ঘ.
bdnews24