সাতক্ষীরা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ বয়সে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আরেকবার দেশবাসীর সেবা করার সুযোগ চেয়েছেন।
রোববার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জে এক জনসভায় তিনি বলেন, “দেশের অবস্থা ভাল নেই। দেশে গণতন্ত্র নেই। সংসদে গালিগালাজ হয়। উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন ফিরে পেতে শেষ বয়সে আরেকবার সুযোগ চাই।”
জাতীয় পার্টিকে ক্ষমতায় নিলে দেশের অবস্থার পরিবর্তন করার প্রতিশ্র“ত দেন তিনি।
উপজেলা পরিষদ মাঠে জাতীয় পার্টি আয়োজিত এই জনসভায় সাবেক রাষ্ট্রপতি বলেন, ক্ষমতায় এলে উপজেলাকে পূর্ণাঙ্গ প্রশাসনে পরিণত করা হবে। তখন বিচারের জন্য আর জেলা শহরে যেতে হবে না।
উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা, সাংসদ এইচ এম গোলাম রেজা, আব্দুল জব্বার, সৈয়দ দিদার বখত, মুজিবুর রহমান প্রমুখ।
এর আগে এরশাদ শ্যামনগর উপজেলার ঐতিহাসিক বংশীপুর শাহী মসজিদ ও আশরাফিয়া মাদ্রাসা চত্বরে গণকবর জিয়ারত করেন।
এরপর তিনি কালিগঞ্জ শিমু-রেজা এমপি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বাসের উদ্বোধন করেন।
এ সময় তিনি নিজ তহবিল থেকে কলেজ লাইব্রেরিকে ৫০ হাজার টাকা অনুদান দেন। দুপরে তিনি কালিগঞ্জে পল্লীবন্ধু বিশুদ্ধ খাবার পানি প্রকল্প উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24