২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্যের সঙ্গে স্ত্রীরও ৩৭ বছরের সাজা

অস্ত্র আইনের একটি মামলায় জেএমবির এক সদস্য ও তার স্ত্রীকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র আইনের একটি মামলায় জেএমবির এক সদস্য ও তার স্ত্রীকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বিকালে ঢাকা মহানগর তৃতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতরা হলেন- জেএমবি সদস্য জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ও তার স্ত্রী হালিমা বেগম। এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান রচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দম্পতিকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ৩০ বছরের এবং ১৯ (এফ) ধারায় সাত বছরের করাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য এর আগেই দুটি মামলায় এই দম্পতির ৩৬ বছর সাজা হয়েছে। ২০০৯ সালের ১৫ মে মিরপুরের পীরেরবাগ তালতলা এলাকার একটি বাড়ি থেকে চাইনিজ পিস্তল ও বুলেটসহ এই দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বোমা ও গ্রেনেড তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। এ মামলার বিচারকালে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আট জনের সাক্ষ্য নেওয়া হয়। দণ্ডিতরা অস্ত্র হেফাজতে রাখার বিষয়টি বিচারকের কাছে স্বীকার করেছেন বলে মামলার নথিসূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/২১৫৯ ঘ.