২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা কেন্দ্রে ‘ছাত্রলীগের’ ভাংচুর

মিছিলে বাধা দেওয়ায় শনিবার রাজশাহী সিটি কলেজে পরীক্ষা কেন্দ্রে ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

রাজশাহী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিলে বাধা দেওয়ায় শনিবার রাজশাহী সিটি কলেজে পরীক্ষা কেন্দ্রে ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হুড়োহুড়ি করে পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় অন্তত ২০ জন ব্যবহারিক পরীক্ষার্থী আঘাত পেয়েছেন। তবে, ভাংচুরের পর পরীক্ষা নেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কলেজের কয়েকজন শিক্ষক বলেন, রাজশাহী বোর্ডের অধীনে এইচএসসি’র গণিত, মনোবিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়নের ব্যবহারিক পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে ছাত্রলীগ মিছিল করার সময় একজন শিক্ষক তাদের পরীক্ষার কথা বলে মিছিল করতে নিষেধ করেন। এ সময় তারা চলে যায়। কিন্তু ১০ মিনিট পর ১০/১২ জন ছাত্রলীগকর্মী লঠিসোটা নিয়ে ২১৮ নম্বর কক্ষে ঢুকে টেবিল-চেয়ার ভাংচুর শুরু করে। তারা প্রায় ১৫ মিনিট ওই কক্ষে ভাঙচুর চালায়। ওখানে তখন গণিতের ব্যবহারিক পরীক্ষা চলছিল। তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী হাত ও পায়ে আঘাত পেয়েছেন। কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, ঘটনার পর তারা স্টাফ কাউন্সিলের বৈঠক করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহানগর ছাত্রলীগ সভাপতি শফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন শিক্ষক ঘটনার পর তার কাছে ফোন করেছিলেন। কিন্তু কলেজ ছাত্রলীগের আহবায়ক শামসুল আরেফিন কলেজে তেমন কিছু হয়নি বলে তাকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.