ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের দুইদিন আগে আগামী ৫ জুন দলের বাজেট ভাবনা উপস্থাপন করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, “আগামী ৫ জুন বিকাল ৩ টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক সুধী সমাবেশে বিরোধী দলীয় নেতা তার দলের বাজেট ভাবনা তুলে ধরবেন। জনগণের পক্ষ থেকে তিনি বাজেটে কী কী বিষয় থাকা উচিত, কোন খাতগুলোকে অগ্রাধিকার দেয়া উচিত - ইত্যাদি নানা বিষয়ে দলের ভাবনা উপস্থাপন করবেন।’’
প্রেস সচিব জানান, এই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকসহ পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ৭ জুন বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি হবে বর্তমান সরকারের চতুর্থ বাজেট।
গত বছর ৮ জুন খালেদা জিয়া সংসদে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনার দুইদিন আগে দলের বাজেট ভাবনা উপস্থাপনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০২ ঘ.
bdnews24