ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষস্থলে সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থাকতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বক্তব্য ‘হাস্যরস’ করে বলা মন্তব্য করে এ নিয়ে সংসদে আলোচনার বিরোধিতা করেছেন সরকারদলীয় সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া।
প্রতিমন্ত্রীর মঙ্গলবার করা মন্তব্য নিয়ে বুধবার সংসদ অধিবেশনে আলোচনার প্রস্তাব উত্থাপন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম।
এর জবাবে দাঁড়িয়ে ফজলে রাব্বী বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এটা হিউমেরাসলি বলেছেন। এটা একটা হিউমেরাস কমেন্ট। এটা নিয়ে সংসদে আলোচনার প্রয়োজন নেই।”
গত শনিবার আগারগাঁওয়ে বিক্ষোভের চিত্র ধারণের সময় তিন সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রসঙ্গে টুক বলেছিলেন, “সংঘর্ষস্থলে সাংবাদিকরা নিরাপদ দূরত্বে থাকলে এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়ানো যায়।”
তার বক্তব্যে হতাশা প্রকাশ করে সংসদে ফজলুল আজিম বলেন, “মনে হচ্ছে, এখন পুলিশের ওপর নজর রাখতে হবে। যত্রতত্র পুলিশ সাধারণ নাগরিক, সাংবাদিক এবং সংসদ সদস্যদের ওপর হাত তুলছে।”
পুলিশের নিরপেক্ষভাবে কাজ করা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পুলিশের জন্য অতীতে অনেক ঘটনা ঘটেছে, সরকারের পতন ঘটেছে।”
ফজলুল আজিমের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “মাননীয় স্পিকার আপনি ফ্রি স্টাইলে কথা বলতে দেন। এতে সংসদের সময় নষ্ট হচ্ছে।”
এরপর ফজলে রাব্বী কথা বলেন। তারপর প্রধান হুইপ আব্দুস শহীদও স্বতন্ত্র সংসদ সদস্যের বক্তব্য এক্সপাঞ্জের পরামর্শ দেন।
শেষে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “এ পর্যন্ত যতগুলো কথা শুনেছি, সেগুলো কার্যপ্রণালী বিধি অনুযায়ী হয়নি। রুল আউট করতে হলে অতীতের সব বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩১০ ঘ.
bdnews24