২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলা বাতিলে খোকার আবেদন খারিজ

দুর্নীতি মামলা বাতিলে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৯ কর্মকর্তার একটি আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলা বাতিলে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৯ কর্মকর্তার একটি আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার বেঞ্চ খারিজের এই রায় দেয়। ২০০৬ সালে সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১০ সালে মামলাটি করে দুর্নীতি কমিশন। কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর ফলে সাদেক হোসেন খোকাসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ওই মামলা চলতে আর বাধা নেই।” মামলাটি বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। মামলার আসামি অন্য আট জন হলেন- সাইফুদ্দিন আহম্মেদ (সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা), আলমগীর হোসেন খান (সাবেক সচিব), মো. মেহেদি আলী খান (সাবেক প্রধান প্রকৌশলী), মো. নুরুন্নবী (সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা), মো. সাখাওয়াত উল্লাহ (সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা), মো আসাদুজ্জামান (সাবেক সহকারী সচিব), মো. মজিবর রহমান (সাবেক সহকারী সচিব), মো. মিজানুর রহমান (সাবেক কর কর্মকর্তা) এবং মো. সাইফুল্লাহ (সাবেক কর কর্মকর্তা)। এরা সবাই ২০০৬ সালে সিটি কর্পোরেশনে ওই সব দায়িত্বে ছিলেন। বিএনপি নেতা খোকার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে ২০১০ সালের ২৯ জুন ১৩ জনের বিরুদ্ধে মামলাটি হয়। ২০১০ সালের ২২ অগাস্ট হাই কোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২২৪১ ঘ.