ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদ বলেছেন, মধ্যস্থতা নয়, সংলাপ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্কের ব্যবস্থা করে দেওয়ার কথা তিনি বলেছিলেন।
ভুলক্রমে মুখ দিয়ে বেরিয়ে যাওয়া কথা ‘ক্ষমা সুন্দর’ দৃষ্টিতে দেখতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার জাতীয় সংসদে বিরোধী দল ও সরকারি দলের আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়ার কথা বলেন ম্পিকার, যা দেশের প্রায় সব গণমাধ্যমেই স্পিকারের মধ্যস্থতায় রাজি বলে সংবাদ প্রকাশ করে।
স্পিকার মঙ্গলবার সংসদ অধিবেশনে বলেন, “দুই দিন আগে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মধ্যস্থতার কথা বলেছি। অথচ আমি মধ্যস্থতার কথা বলিনি। আমি বলেছি, বিতর্কের ব্যবস্থা করে দেব।”
“আমি মধ্যস্থতার কথা বলিনি। অথচ মধ্যস্থতার নিউজ আসে কীভাবে?,” প্রশ্ন রাখেন তিনি।
স্পিকার সেদিন বলেছিলেন, “পার্লামেন্টের মধ্যে যদি কোনো আলোচনা হয়, তাহলে আমি কিছু করতে পারি। বিরোধী দল সংসদে এসে আলোচনা করলে তা রেডিও-টেলিভিশনের মাধ্যমে জনগণ জানতে পারবে। তাছাড়া সংসদের ভেতরে অন্যত্র হলে কিছু গুরুত্বপূর্ণ প্রতিনিধি নিয়ে ক্যামেরার বাইরেও আলোচনা হতে পারে।”
এই প্রসঙ্গে স্পিকার মঙ্গলবার আরো বলেন, “স্লিপ অফ ট্যাং হিসেবে অনেক সময় যদি কিছু বলে ফেলি, আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। কিন্তু পান থেকে চুন খসলেই যদি আপনারা এভাবে লেখালেখি করেন, তাহলে আমাকে বোবা হয়ে যেতে হবে। বোবার কোনো শত্রু নেই।”
সাংবাদিকদের ওপর নির্যাতন নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের রেশ ধরে এই কথা বলেন আবদুল হামিদ।
স্পিকারের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাসদ নেতা মইনুদ্দিন খান বাদল বলেন, “আমরা তো হরহামেশাই মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হচ্ছি। হরহামেশাই আমাদের নগ্ন করে দিচ্ছে।”
“পত্রিকা কার, টিভি স্টেশন কার, পয়সা দিলে কী ছাপা হয়- আমরা সবই জানি,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২৩৪৭ ঘ.
bdnews24