২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল: ১৮ জামায়াতকর্মী আটক

নগরীর বিভিন্ন স্থানে ৪-৫টি গাড়ি ভাংচুর করেছে হরতালকারীরা। তবে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 04:29 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামীর ডাকে আধাবেলা হরতাল চলছে। বুধবার সকালে হরতাল শুরুর পর নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকা থেকে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। বিভিন্ন স্থানে ৪-৫টি গাড়ি ভাংচুর করেছে হরতালকারীরা। তবে সকাল থেকে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি বলে মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শরিফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গাড়ি পোড়ানোর একটি মামলায় আদালত মঙ্গলবার জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমীর শামসুলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর পরপরই হরতালের ডাক দেন দলের মহানগর নেতারা। সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরও এ হরতালে সমর্থন দিয়েছে। মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বারটা পর্যন্ত আধাবেলা হরতাল পালন করা হবে। সকালে নগরীতে যানবাহনের সংখ্যা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। প্রধান সড়কগুলোতে বাস, টেম্পো, অটোরিকশা ও রিকশা চলতে দেখা গেছে। প্রধান সড়কে জামায়াত-শিবির কর্মীদের দেখা না গেলেও সকালে বিভিন্ন এলাকার অলিগলিতে তারা ঝটিকা মিছিল বের করে এবং যান চলাচলে বাধা দেয়। এ সময় চান্দগাঁওয়ের আউটার সিগন্যাল ও চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ১০ জন এবং পাঁচলাইশের প্রবর্তক মোড় ও ষোলশহর ২ নম্বর গেট থেকে ৮ জনকে আটক করা হয় বলে সহকারী কমিশনার শরিফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল চললেও বন্দরের কাজ স্বাভাবিকভাবেই চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১০২০ ঘ.