ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচারের চার মামলায় কেরানীগঞ্জ বিএনপির ৫৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক নাজমুল হক শ্যামল তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা পরিদর্শক রাবীন্দ্র নারায়ন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়টি মামলায় কেরানীগঞ্জ বিএনপির ২৩০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক হীরু, মারফত আলী, মুক্তার আলী. শরীফসহ ৫৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৫৭ ঘ.
bdnews24