২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের ওপর আবার পুলিশি নির্যাতন

আগারগাঁওয়ে হামলার তিন দিনের মাথায় ঢাকার আদালতে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন আরো তিন সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগারগাঁওয়ে হামলার তিন দিনের মাথায় ঢাকার আদালতে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন আরো তিন সাংবাদিক। মঙ্গলবার বিকালে পুরান ঢাকার আদালতপাড়ায় আহত তিন সাংবাদিক হলেন প্রথম আলোর আদালত প্রতিবেদক প্রশান্ত কর্মকার, কালের কণ্ঠের আদালত প্রতিবেদক এম এ জলিল উজ্জ্বল ও বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক তুহিন হাওলাদার। মুখ্য মহানগর হাকিম আদালতের প্রবেশ পথে কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিনের উপস্থিতিতে তিন সাংবাদিককে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানিয়েছেন। মারধরের শিকার হয়েছেন দুই আইনজীবীও। তাদের পুলিশ জোর করে গাড়িতে তুলে কোতোয়ালি থানায় নিয়ে গেছে বলে হামলায় আহত তুহিন হাওলাদার জানান। এর আগে শনিবার দুপুরে দায়িত্ব পালনের সময় আগারগাঁওয়ে পুলিশি পিটুনির শিকার হন প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিম। তিন আদালত প্রতিবেদক সংবাদ সংগ্রহে গেলে মঙ্গলবার বিকালে পুলিশ তাদের ওপর চড়াও হয় বলে সাংবাদিকরা জানিয়েছেন। তুহিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যৌতুকের মামলা করতে আসা এক তরুণীকে পুলিশ শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ শোনার পর সাংবাদিকরা পুলিশের কাছে যায়। তখন চ্যানেল আইয়ের প্রতিবেদক পরাগ আজিমের সঙ্গে দুর্ব্যবহার করেন ওসি সালাউদ্দিন। ওমর ফারুক আসিফ নামে প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, ওই তরুণী তার বাবার সঙ্গে মটর সাইকেলে করে এসেছিলেন। তখন আদালত ফটকে পুলিশ তাদের মটর সাইকেল নিয়ে ঢুকতে বাধা দেয়। “তর্কাতর্কির এক পর্যায়ে ওই তরুণীকে পুলিশ টেনে-হিঁচড়ে আদালতপাড়ায় পুলিশ ক্লাবে নিয়ে ঢোকায়,” বলেন তিনি। প্রশান্তসহ তিন সাংবাদিক পরাগের সঙ্গে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। ওসি সালাউদ্দিনের ইশারায় এসআই জামান ও এসআই জাহাঙ্গীর মারধর করেন বলে সাংবাদিকদের অভিযোগ। তুহিন বলেন, “তারা প্রশান্ত কর্মকারকে মারধর করতে শুরু করলে আমরা বাধা দিই। তখন আমাদের ওপরও হামলা হয়। তখন সেখানে থাকা আইনজীবীরা বাধা দিলে দুই আইনজীবীকে ব্যাপক মারধর করে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।” আইনজীবীদের একজনের নাম রাজু এবং অন্যজনের নাম সাকিব বলে জানা গেছে। এই ঘটনার পরপরই আদালতে কর্তব্যরত সাংবাদিকরা এই বিষয়ে নালিশ নিয়ে মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার কাছে যান। তিনি ঘটনার ব্যাখ্যা শুনতে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের বুধবার ডেকে পাঠিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৫০ ঘ.