২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার নিরপেক্ষ নন: ফারুক

সংসদে গিয়ে প্রস্তাব দিতে স্পিকারের আহ্বান প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের প্রস্তাব সংসদে এসে দিতে স্পিকারের আহ্বান প্রত্যাখান করে বিএনপি বলেছে, স্পিকার নিরপেক্ষ নন। তাই তার কাছে কোনো দাবি তারা জানাবে না। সোমবার রাজধানীতে এক মানবন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “আপনি (স্পিকার) যেহেতু নিরপেক্ষ নন। তাই আপনার কাছে আমরা কোনো দাবি জানাব না।” রোববার বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের বাজেট অধিবেশন শুরুর পর স্পিকার আবদুল হামিদ বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে তিনি রাজি। বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দেওয়ারও আহ্বান জানান তিনি। এর জবাবে ফারুক বলেন, “আমরা মনে করি, স্পিকার নিজেই নিরপেক্ষ নন। গত সাড়ে তিন বছরে তার কর্মকাণ্ডে এর প্রমাণ মেলে। সংসদে তিনি সরকারি দলের ডান দিকে তাকিয়ে সংসদ পরিচালনা করেন। বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ করেন না। তাই তিনি (স্পিকার) নিরপেক্ষতা হারিয়েছেন।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাগপা। এছাড়া জাতীয় নাগরিক সংসদ, সূত্রাপুর মহিলা দল, ঢাকাস্থ দাউদকান্দি ছাত্র কল্যাণ পরিষদ, কাপাসিয়াবাসী সকালে একই স্থানে আলাদাভাবে মানববন্ধন করে। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের অধিকাংশ শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে পাঁচ সংসদ সদস্যকে রোববার জামিন দিয়েছে হাই কোর্ট। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনের মামলায় তাদের কারাগারে পাঠায় আদালত। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি চলতি অধিবেশনেই সংসদে পাসের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক বলেন, “সরকারি দলকে বলব, দয়া করে সংসদের এই অধিবেশনেই এ সংক্রান্ত বিল পাস করুন। নইলে আপনাদের (সরকার) পরিণতি শুভ হবে না।” স্পিকারের সমালোচনা করে ফারুক বলেন, “বিরোধী দলের সংসদ সদস্যদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো, স্পিকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। তাদের খোঁজও নিলেন না। তাহলে তিনি কিভাবে নিরপেক্ষ- এটাই আমার প্রশ্ন।” জাসদ নেতা হাসানুল হক ইনুর সমালোচনা করে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “জীবনে ইউনিয়ন পরিষদের সদস্যও নির্বাচিত হতে পারেননি ইনু সাহেব। এবার আওয়ামী লীগের পায়ে সালাম করে নৌকা মার্কা সংসদ সদস্য হয়েছেন। বিরোধী দলীয় নেতা সস্পর্কে শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য দেওয়া বন্ধ করুন। নইলে রাজপথে এর জবাব দেওয়া হবে।” অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, জাগপা সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৩৩৩ ঘ.