২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে খায়রুল কবির খোকন কারাগারে

হরতালের মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। চারদিনের হেফাজত শেষে রোববার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আবারো জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিন আবেদন নাকচ করে খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে খোকনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে গত ১৭ মে হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খোকনকে আটক করে পুলিশ। এরপর পল্টন থানার পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতের আবেদন করলে মহানগর হাকিম চার দিনের হেফাজত মঞ্জুর করেন। মামলায় অভিযোগে বলা হয়, ১৯ এপ্রিল চার-পাঁচ হাজার বিএনপি কর্মী কোনো অনুমোদন ছাড়াই পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল করার চেষ্টা করে। তারা বিনা উস্কানিতে জনমনে ত্রাস সৃষ্টি করে গাড়ি ভাংচুর চালায়। পুলিশের কাজে বাধা দিয়ে তাদের ওপর আক্রমণ করে এবং তাদের হত্যার চেষ্টা চালায়। ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে করে পুলিশের ২০/ ২৫ জন সদস্য মারাত্মক আহত হন। আর খোকন এর নির্দেশদাতা ছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ, যদিও এজাহারে তার নাম উল্লেখ করা হয়নি। এ মামলার এজাহারভুক্ত ২০ আসামির সবাই হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭১৩ ঘ.