২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার অভিযোগ গঠন বিষয়ে আদেশ সোমবার

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সোমবার আদেশ দেবে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সোমবার আদেশ দেবে ট্রাইব্যুনাল। অভিযোগের পক্ষে-বিপক্ষে শুনানি শেষে গত ১৬ মে এ দিন ধার্য করেন বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনা তুলে ধরার মধ্য দিয়ে গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এরপর প্রসিকিউশনের আবেদনে মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে রয়েছে; পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও খাটারচরসহ পাশের আরো দুটি গ্রামের অসংখ্য লোককে হত্যা। ওইসব ঘটনার স্থান হিসেবে মিরপুর ১২ নম্বর থেকে মিরপুর ১ নম্বরসহ শাহ আলীর মাজার পর্যন্ত এবং ঘটনার সময় হিসেবে একাত্তর সালের ২৫ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ওইসব ঘটনা কাদের মোল্লার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় ঘটানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে অবশ্যই এর বিচার হওয়া উচিৎ। অবশ্য অভিযোগের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবীর বলছেন, রাজনৈতিকভাবে শায়েস্তা করা ছাড়া ৪০ বছর পর এ বিচারের কোনো ভিত্তি নেই। মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই এ অভিযোগ আনা হয়েছে। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউশনের প্রতিবেদনে বলা হয়, ২৫ মার্চ মধ্যরাত থেকেই কাদের মোল্লা মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বাঙালি নিধন শুরু করেন। এ কাজে স্থানীয় বিহারিরা তাকে সহায়তা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/১৯৩৩ ঘ.