ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যকে ৬ সপ্তাহের অর্š-বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
এ মামলায় ১৮ দলীয় জোটের বাকি জ্যেষ্ঠ নেতাদেরও কেন নিয়মিত জামিন দেওয়া হবে না সরকারের কাছে তা জানতে চেয়েছে আদালত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের নেতাদের জামিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফআরএম নাজমুল আহাসানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
জামিনপ্রাপ্ত পাঁচ সংসদ সদস্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
মহানগর দায়রা জজ আদালত জোট নেতাদের জামিন আবেদন নাকচ করে যে আদেশ দিয়েছিল- তার বিরুদ্ধেই সকালে হাই কোর্টে আবেদন করেন ৩৪ নেতা।
বিরোধী দলের নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহাবুব হোসেন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহসানুল করিম।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
আদালতে সংসদ সদস্যদের প্রধিকার বিষয়ক আইনের সপ্তম ধারা পড়ে শুনিয়ে রকিক উল হক বলেন, এই আইন অনুসারে সংসদ অধিবেশনের সাত দিন আগ থেকে সাত দিন পর পর্যন্ত সংসদ সদস্যরা আদালতে উপস্থিতির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
এর বিরোধিতা করে এম কে রহমান বলেন, সংসদ সদস্যরা কারাগারের বাইরে থাকলে এই সুবিধা পাবেন। কিন্তু এখনতো তারা কারাগারেই রয়েছেন। এক্ষেত্রে কি হবে তা এ আইনে বলা নেই। সুতরাং এই সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
“এছাড়া বিএনপির সংসদ সদস্যরা সংসদে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয়টিও আদালতের নজরে আনতে পারে।”
শুরুতে খোকনের আবেদনের শুনানিতে আহসানুল করিম বলেন, “এটি বানোয়াট মামলা। কারো বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ নেই। নিম্ন আদালত এসব বিষয় বিবেচনায় না নিইে জামিন আবেদন খারিজ করেছে।”
মওদুদ আহমদ বলেন, “রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওইদিন নাটোরের একটি আদালতে হাজিরা দিয়েছিলেন। আদালতের আদেশে সেখানে তার ব্যক্তিগত হাজিরার কথা বলা আছে। সেখান থেকে এসে তিনি কীভাবে গাড়িতে আগুন দিতে পারেন?”
“এছাড়া কর্নেল অলি ও শফিউল আলম প্রধান সেদিন যথাক্রমে কক্সবাজার ও পঞ্চগড়ে ছিলেন। তাদেরও এই মামলায় আসামি করা হয়েছে। এসব থেকে বোঝা যায়, এটি বানোয়াট মামলা”, বলেন মওদুদ।
পরে এম কে রহমান সাংবাদিকদের জানান, শুনানি শেষে আদালত পাঁচ সাংসদকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।
এছাড়া সাদেক হোসেন খোকা ছাড়া বাকি সব আবেদনকারীকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না ঢাকার জেলা প্রশাসককে সাত দিনের মধ্যে তা জানাতে বলেছে আদালত।
হাই কোর্ট জানিয়েছে, সাদেক হোসেন খোকার জামিন আবেদনের বিষয়ে সোমবার বেলা ২টায় আদেশ হবে।
অবশ্য খন্দকার মাহাবুব হোসেন বলছেন, আদালত বিরোধী দলের নেতাদের ছয় মাসের জামিন দিয়েছেন, ছয় সপ্তাহের নয়।
রুল পাওয়া ২৯ জনের মধ্যে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও কামরুজ্জামান রতন এবং হাই কোর্টের জামিনের মেয়াদ শেষে কারাগারে যাওয়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও রয়েছেন।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এরপর ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক।
ফখরুলসহ জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়।
হাই কোর্টে জামিন চেয়ে রুল পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খোন্দকার মোশারফ হোসেন, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কামরুজ্জামান রতন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, ঢাকা মহানগর যুবদলের সেক্রেটারি রফিকুল ইসলাম মজনু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইয়াছিন আলী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ লিটু, বিএনপি নেতা ও ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল বাশার, বিএনপি নেতা ও ৪০ নম্বর ওয়ার্ডের কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা বিএনপির নেতা লুৎফর রহমান, বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নবী সোলায়মান, খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুছ মৃধাও জামিন আবেদন করেছেন।
১৮ দলীয় জোটের শরিক দল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বিএনপি ও অন্য শরিকদের সঙ্গে কারাগারে গেলেও তার পক্ষে কোনো আবেদন করা হয়নি।
খোকার বিষয়ে সিদ্ধান্ত সোমবার
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পক্ষে তার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন রোববার জামিন আবেদন উপস্থাপন করে বলেন, তিনি মারাত্মক অসুস্থ। এ দিকটি বিবেচনায় নিয়ে তাকে জামিন দেওয়া হোক।
যুক্তির পক্ষে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনও উপস্থাপন করেন তিনি।
এ সময় আদালত বলেন, পত্রিকার প্রতিবেদনে হবে না, মেডিকেল সার্টিফিকেট দিতে হবে।
জয়নুল মেডিকেল সার্টিফিকেট দিলে আদালত বলেন, হলফনামা আকারে দিতে হবে। জয়নুল জানান, সোমবার হলফনামা আকারেই তা দেওয়া হবে।
এরপর আদালত সোমবার বেলা ২টায় শুনানির সময় নির্ধারণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮২৫ ঘ.
bdnews24