২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাচপুরে শ্রমিক নেতা মন্টু ঘোষের ওপর হামলা

নারায়ণগঞ্জের কাচপুরে সিনহা গার্মেন্টসের সামনে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

নারায়ণগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাচপুরে সিনহা গার্মেন্টসের সামনে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ। শনিবার সকালের ওই হামলায় শ্রমিক নেতার সঙ্গী আরো দুজন আহত হন। তারা হলেন- নারায়ণগঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। শ্রমিক অসন্তোষে পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার চালু হয় সিনহা গার্মেন্টস। ত্রিপক্ষীয় এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছিলেন মন্টু ঘোষসহ তিন পোশাক শ্রমিক নেতা। নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানাটি বন্ধ হওয়ার পর গত ২৪ মে ঢাকায় বিকেএমইএ প্রধান কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, কারখানায় বিশৃঙ্খলা এড়াতে ট্রেড ইউনিয়ন নেতারা খোলার প্রথম দিন সেখানে থাকবেন। “সকালে ওই কাজ করে ফেরার সময় সকাল পৌনে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সিনহা গার্মেন্টসের সামনে ২৫/৩০ জন লোক হামলা চালায়,” বলেন নুরুল। এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিপিবি নেতা মন্টু ঘোষের ওপর হামলার খবরটি তিনি শুনেছেন। “এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.