২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপের আগে আটক নেতাদের মুক্তি দিন’

তবে আলোচনায় বসার আগে নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার কথা আবারও বলেছে প্রধান বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের পরিবেশ সৃষ্টির শর্ত হিসেবে আটক নেতাদের মুক্তি দাবি করেছে বিএনপি। তবে আলোচনায় বসার আগে নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার কথা আবারও বলেছে প্রধান বিরোধী দল। শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী আলোচনার পথ খোলা রাখতে না চাইলেও সরকারের কয়েকজন মন্ত্রী ও মহাজোটের শরিক নেতারা আলোচনার মাধ্যমে প্রয়োজনে সংবিধান সংশোধনের কথা বলেছেন। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব, জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের কারাগারে রেখে কোনো আলোচনা কিংবা সমঝোতা আশা করা যায় না।” “আমরা সংলাপের বিরোধী নই। তবে আগে পরিবেশ তৈরি করা চাই”, যোগ করেন তিনি। বৃহস্পতিবার এক আলোচনা সভায় সরকারের দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিকল্প প্রস্তাব দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বিকল্প প্রস্তাব পেলে তা নিয়ে সংসদে আলোচনা এবং প্রয়োজনে সংবিধান সংশোধনেরও আশ্বাস দেন তিনি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে সংলাপে বসতে দলের আগ্রহের কথা আবারও জানিয়ে তরিকুল ইসলাম দাবি করেন, “প্রথমে সংলাপ হতে হবে সংসদের বাইরে। এর পর সংসদে হতে পারে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে এয়োদশ সংশোধনীর আগে সংসদের বাইরেই প্রথমে আলোচনা হয়েছে। পরে তা সংসদে হয়েছে।” এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার সুনির্দিষ্ট এজেন্ডা দিলে বিএনপি সংলাপে বসার বিষয়টি বিবেচনা করবে। সংলাপের পরিবেশ সৃষ্টির প্রসঙ্গে তরিকুল ইসলাম বলেন, “আমরা মনে করি, বিরোধী দলকে গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা না দেয়া, নিখোঁজ ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া, বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি দিলেই আলোচনার মাধ্যমে বিরাজমান রাজনৈতিক ইস্যুগুলোতে সমঝোতায় উপনীত হওয়ার পরিবেশ সৃষ্টি হবে।” দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন, অ্যামিনেষ্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, “ওইসব প্রতিবেদনে যা প্রকাশ হয়েছে, তাতে আমাদের এতদিনের বক্তব্যে সত্যতার প্রতিফলন ঘটেছে। এই প্রতিবেদন প্রকাশের ফলে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি যেভাবে বিনষ্ট হয়েছে তার দায় সরকারকেই নিতে হবে।” সংবাদ ব্রিফিংয়ের শুরুতে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, এক এগারোর নায়করা আবারো তৎপর হয়েছে। অর্থাৎ তিনি স্বীকার করেছেন, দেশে এখন এমন পরিস্থিতি বিরাজ করছে, যাতে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের অবস্থা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি তার সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের জন্য সৃষ্টি হয়েছে।” সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা শাহজাদা মিয়া, হেলেন জেরিন খান, রফিক শিকদার, মাহবুবুল হক নান্না, বেলাল আহমেদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৯১০ ঘ.