ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে ‘বের’ করে দেওয়ার ঘটনা ‘উপযুক্ত সাজা’ ছিল বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, “দশ মিনিটের মধ্যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আপনাকেও আজ বাড়িছাড়া হতে হয়েছে। আল্লাহর বিচার আছে।”
২০১০ সালের ১৩ নভেম্বর সেনানিবাসের মইনুল রোডের বাড়ি ছাড়তে হয় খালেদা জিয়াকে, যা সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে ‘উপহার’ হিসাবে পেয়েছিলেন। বাড়ি ছাড়ার পর খালেদা জিয়া অভিযোগ করেন, তাকে এক কাপড়ে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
অবশ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করে, হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়িটি ছেড়ে দিয়েছেন।
দেশে মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক মামলা এবং এসব মামলায় জামিন না পাওয়া নিয়ে বিএনপি নেতাদের সা¤প্রতিককালের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন এরশাদ।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “যখন গণতন্ত্র ও মানবাধিকারের কথা শুনি তখন হাসি পায়। কাদের মুখে এসব কথা শুনি? তখন তো কেউ কথা বলেননি। আজ সুশীল সমাজ বলছে অন্যায় হচ্ছে।”
“এখন গণতন্ত্র, মানবাধিকারের কথা বলছেন, অতীতের কথা ভেবে দেখেন। আল্লার বিচার আছে”, বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন এরশাদ।
সাবেক এই সামরিক একনায়ক বলেন, “আমার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধরে কারাগারে রাখা হয়েছে। তিন বছর আমার সাথে কথা বলার মতো কোনো লোক ছিল না।”
“আমাকে জামিনযোগ্য মামলায়ও জামিন দেওয়া হয়নি। হাইকোর্টে গিয়েছি। জজরা বিব্রতবোধ করেছেন। এখন যারা জামিন না পেয়ে এর সমালোচনা করেন আমার তখন হাসি পায়”, যোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিষয়ে নিজের নেতিবাচক অবস্থানের কথা আবারও উল্লেখ করে এরশাদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারকে বিশ্বাস করি না। তারা কেউ আমার প্রতি সুবিচার করেনি।”
এরশাদের সময়ের উপ রাষ্ট্রপতি ও বর্তমান বিএনপি নেতা মওদুদ আহমদেরও সমালোচনা করে তিনি।
এরশাদ বলেন, “তার পিঠে বিএনপির লাঠির দাগ আছে। দুর্নীতির মামলায় তার দশ বছরের জেল হয়েছিল, আমি মাফ করে দিয়েছি। সেই মওদুদ এখন কথা বলে, কিন্তু অতীত নিয়ে চিন্তা করে না।”
দৈনিক ঘোষণা পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক এইচ এন এম শফিকুর রহমান ও সম্পাদক সাহিদুর রহমান টেপা বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু এবং জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতির দায়িত্বে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭৪২ ঘ.
bdnews24