ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনের জামিন আবারো নাকচ করেছে আদালত।
এই দুই বিএনপি নেতার আইনজীবীরা বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের কাছে জামিনের আবেদন নিয়ে গেছে শুনানি শেষে মো. জহুরুল হক তা নামঞ্জুর করেন।
দ্রুত বিচার আইনের এ মামলায় এর আগে মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছিল।
একই মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ শীর্ষ নেতার জামিন আবেদনও নাকচ করে দেয় মহানগর দায়রা জজ আদালত।
মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন না পেয়ে কামরুজ্জামান রতন কয়েকদিন আগে দায়রা আদালতে গেলে শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখা হয়। আর মাহবুব উদ্দিন খোকনের পক্ষে বৃহস্পতিবার আবেদন করা হলে একই দিনে শুনানি করে আদালত।
হাকিম আদালতের জামিন আবেদন নামঞ্জুর হলে মহানগর দায়রা জজ আদালতে শুনানির জন্য সাধারণত এক মাস বা পনের দিন সময় নেওয়া হয়। তবে খোকনের ক্ষেত্রে আদালত আবেদন দাখিলের দিনেই শুনানি করল।
ব্যারিস্টার খোকনের পক্ষে শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, হাইকোর্ট তাদের মক্কেলকে ৭ দিনের জন্য আগাম জামিন দেয়। এরপর মহানগর দায়রা জজ আদালত এই জামিনের মেয়াদ ২০ মে পর্যন্ত বাড়িয়ে দেয়।
কিন্তু খোকন ২১ মে ফের মহানগর হাকিম আদালতে জামিন বাড়ানোর আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
“তিনি (খোকন) বর্তমান সংসদের সদস্য। আগামী ২৭ মে সংসদে বাজেট অধিবেশ শুরু হবে। ইস্ট পাকিস্তান এসেম্বলি আইন অনুযায়ী পার্লামেন্ট চলাকালে একজন সংসদ সদস্য জামিনে থাকার অধিকারী। তাছাড়া তিনি একজন নিয়মিত আইনজীবী। আমরা সবাই তার জামিনদার থাকব”, বলেন ব্যারিস্টার রফিক।
রষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু এর বিরোধিতা করে বলেন, “তারা (বিরোধী দল) পার্লামেন্টে যায় না। তাই এ কারণে তিনি জামিন পেতে পারেন না। প্রধানমন্ত্রীর সচিবলয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। তাই জামিনের আবেদন নামঞ্জুর হবে।”
শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুতবিচার আইনে মামলা করে পুলিশ, যাতে বিরোধী দলের ৪৪ জ্যেষ্ঠ নেতাকে আসামি করা হয়।
পরে পুলিশ দ্রুত বিচার আইনে ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের অধিকাংশ নেতা কারাগারে রয়েছেন।
এদিকে ২৯ এপ্রিল সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা হয়। এ মামলায় মির্জা ফখরুলসহ জ্যেষ্ঠ নেতারা জামিন পেয়েছেন।
ঘটনার দিন রাতে গ্রেপ্তারের পর কামরুজ্জামান রতন ও ঢাকা মহানগরীর ৭৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলিকে কারাগারে পাঠিয়েছিল আদালত।
বৃহস্পতিবার তারা শাহবাগ থানার মামলায় আবার জামিন চাইলে মহানগর দায়রা জজ আদালত তা মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭২৫ ঘ.
bdnews24