২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ করছে সরকার: মেনন

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কালক্ষেপন করছে বলে অভিযোগ করেছেন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কালক্ষেপন করছে বলে অভিযোগ করেছেন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তিনি বলেন, “যে চুক্তির বলে আমাদের প্রধানমন্ত্রী ইউনেস্কোর শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন আজও সে চুক্তির বাস্তবায়ন না হওয়া বাংলাদেশের মানুষ ও গণতন্ত্রের প্রতি অপমান।” চুক্তি বাস্তবায়নে উদ্যোগী না হয়ে সরকার ভূমি কমিশন ও মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সময় পার করছে অভিযোগ করেন তিনি। “সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আমাদের যে জাতীয় কমিটি রয়েছে তারাও একটি মীমাংসার উপরে চলেছেন। আসলে তাদের (সরকার) লক্ষ্য হচ্ছে সময় পার করে দেওয়া। যদি একটি অনুকূল সময় তারা পান, তাহলে তারা এই চুক্তিটা বাস্তবায়ন করবেন না।” আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মেনন অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে এখনো অঘোষিত সেনা শাসন চালু রয়েছে। আর এর ভেতর দিয়ে নিপীড়ন চলছে। স¤প্রতি নওগাঁর মান্দা উপজেলার ৪ আদিবাসী কৃষক হত্যা ও বাদলগাছি উপজেলার ৭ বছরের শিশু সাগরী ওঁরাওকে ধর্ষণের পর হত্যা, রাঙামটি জেলার লংগদু উপজেলার ১১ বছরের স্কুলছাত্রী ধর্ষণ এবং ২০ মে রাঙামাটির ছাত্র সমাবেশে গ্রেনেড হামলার উল্লেখ করেন তিনি। সাংবিধানিক এবং আইনগতভাবেই আদিবাসীদের অধিকারের বিষটির স্বীকৃতি নেই বলেই এই নিপীড়নের ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন। এ ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শাস্তি ও আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে সরকারকে উদ্দেশ্য করে বলেন, “যদি এটা না হয়, সংসদীয় কমিটির পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ ভাবতে আমরা বাধ্য হবো।” মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী অধিকার আন্দোলন, আদিবাসী নারী নেটওয়ার্ক, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম, অ্যাকশনএইড বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৫৪০ ঘ.