২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাকার গুডস্ হিলই ছিল আল-শামসের সদরদপ্তর’

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবন গুডস্ হিল মুক্তিযুদ্ধের সময় আল-শামসের সদরদপ্তর হিসেবে ব্যবহার হত বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন এক সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবন গুডস্ হিল মুক্তিযুদ্ধের সময় আল-শামসের সদরদপ্তর হিসেবে ব্যবহার হত বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন এক সাক্ষী। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার আসামি পক্ষের জেরায় সাক্ষী মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, “গুডস্ হিল থেকেই সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার বাবা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান সরকারের বরাদ্দ দেওয়া অর্থ বণ্টন করতেন রাজাকার, আল-বদর ও আল-শামস্রে সদস্যদের মধ্যে, যাদের সহায়তায় পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল।” মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মুসলিম লীগের নেতা ফজলুল কাদের চৌধুরীও স্বাধীনতার পর গ্রেপ্তার হয়েছিলেন। কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে বিচারের সম্মুখীন। সলিমুল্লাহ বলেন, “আমার জানা মতে, গুডস্ হিলই ছিল আল-শামসের সদরদপ্তর।” এর আগে রোববার তিনি বলেছিলেন, সালাউদ্দিন কাদেরের একটি লাল রঙের জিপ মুক্তিযোদ্ধা ও নারীদের গুডস্ হিলে ধরে আনার কাজে ব্যবহৃত হত। জেরায় আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক তার বাবাকে নিয়ে সাক্ষীর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বারবার উত্তেজিত হয়ে পড়ছিলেন। “আহসানুল হকের বাবা অ্যাডভোকেট জহিরুল হক ছিলেন কক্সবাজার শান্তি কমিটির আহ্বায়ক, স্থানীয় এই কমিটি যুদ্ধকালীন পাকিস্তান হানাদার বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করতেন।” সাক্ষীর ওই বক্তব্যের পর উত্তেজিত হয়ে আহসানুল হক বলেন, “আমি আমার জীবনে এ ধরনের চতুর সাক্ষী দেখিনি।” পরে বিচারক জহির আহমেদ তাকে উত্তেজিত না হতে বললে সাময়িক সময়ের জন্য তিনি মেজাজ ধরে রাখার চেষ্টার করেন। তবে আবারো উত্তেজিত হয়ে পড়েন সালাউদ্দিনের এই কৌঁসুলি, যিনি একদিন আগে সাক্ষী সলিমুল্লাহকে নিয়ে ঠাট্টার সুরে কথা বলেছিলেন। আহসানুল হক এক পর্যায়ে বলে উঠেন, “বিভিন্ন সময়ই এই সাক্ষীকে আমি সুন্দরী নারীদের বগলদাবা করে উদ্দেশ্যহীন গন্তব্যে যেতে দেখেছি।” তখন প্রসিকিউটর জেয়াদ আল মালুম আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের সমালোচনা করে বলেন, “জেরার নামে সাক্ষীকে এ ধরনের কথা বলা সম্পূর্ণ আইনবহির্ভূত। তারা শুধু এ মামলার জন্যই এ ধরনের কথা বলছেন না, বরং আগামীতে যারা সাক্ষী হিসেবে আসবেন তাদেরকেও একই ধরনের জেরার মুখোমুখি হতে হবে- এ বার্তা পৌঁছে দিতেই চাচ্ছেন।” বুধবার জেরায় আহসানুল হক বিভিন্নভাবেই সাক্ষীকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন। জেরার এক পর্যায়ে তিনি সাক্ষীর কাছে জানতে চান- যুদ্ধকালে তার স্ত্রী কোথায় ছিলেন। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক কঠোর হন। তিনি বলেন, “এ ধরনের বাক্য বিনিময় যদি আবারো হয় আমি কাউকেই আদালতে ঢোকার অনুমতি দেব না।” আরো কিছুক্ষণ জেরার পর বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আদলত মুলতবি ঘোষণা করেন বিচারপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এএল/এমআই/২৩১০ ঘ.