ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দুঃখ প্রকাশ করে দলে ফিরে আসার বছর পেরুতেই আবার দল ছাড়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা নাজমুল হুদা।
সাবেক এই মন্ত্রী বলেছেন, খালেদা জিয়া ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রীকে সংলাপের আমন্ত্রণ না জানালে বিএনপি ছেড়ে চলে যাবেন।
নাজমুল হুদা বিএনপির ভাইস-চেয়ারম্যান, ‘সংগঠনবিরোধী’ অবস্থানের কারণে যাকে এর আগেও বহিষ্কার করা হয়েছিল।
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের হতাশা প্রকাশ করে বুধবার এক সংবাদ সম্মেলন ডেকে হুদা বলেন, বর্তমানে ‘বিপর্যয়কর’ অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের একটি মাত্র পথ আছে- আর তা হলো ‘দুই নেত্রীর ঐকমত্য’।
“এই ঐকমত্যের লক্ষ্যে আমি সুস্পষ্টভাবে আমার দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি অনুরোধ করছি- ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহবান জানান।”
‘নেত্রী’ এই অনুরোধ রক্ষা না করলে ৬ জুন বিএনপির সঙ্গে সব সর্ম্পক বিচ্ছিন্ন করে দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন আইনজীবী হুদা।
“আশা করি নেত্রী আমাকে পদত্যাগে বাধ্য করবেন না”, হুমকির সুর হুদার কণ্ঠে।
শেষ পর্যন্ত বিএনপি ছাড়তে হলে তারপর কী করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী বলেন, “সেটা সময়ই বলে দেবে। এই মুহূর্তে তা নিয়ে আমি ভাবছি না। পদত্যাগ করলেও আগামী নির্বাচনে আবার আমি বিএনপির মনোনয়ন চাইব।”
একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সরকার প্রধান হিসেবে সংলাপে বসার উদ্যোগ প্রধানমন্ত্রীরই গ্রহণ করা উচিৎ ছিল। কিন্তু তা তিনি করেননি। আমার অনুরোধে সাড়া দিয়ে খালেদা জিয়া যদি আপনাকে (প্রধানমন্ত্রী) সংলাপে আহবান করেন, আশা করি তাতে আপনি সাড়া দেবেন।”
তা না হলে ১০ জুনের পর দেশের যে কোনো অস্থীতিশীলতার দায়ভার প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে বলে হুঁশিয়ার করেন হুদা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি ১০ জুনের মধ্যে মেনে না নিলে আগামী ১১ জুন ঢাকায় মহাসমাবেশ করে সরকার পতনের নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার।
বিএনপি ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর ওই সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান নাজমুল হুদা। কিন্তু গণমাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের ‘রূপরেখা’ দিয়ে তিনি মন্ত্রীত্ব হারান।
বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সে সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে আন্দোলন করছিল।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সেনানিবাসে খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি কেড়ে নেওয়া হয়। এর প্রতিবাদে ঈদের আগে হরতাল ডাকে বিএনপি।
এই হরতালের সমালোচনা করে হুদা সে সময় দলের মধ্যে তোপের মুখে পড়েন। ‘দলীয় অবস্থানের বিরুদ্ধে বক্তব্য রাখায়’ খালেদা জিয়া ২০১০ সালের ২১ নভেম্বর নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করেন।
এর ছয় মাস পর ‘অনুতপ্ত’ হুদা বিএনপিতে ফেরার আবেদন জানালে ২০১১ সালের ৫ এপ্রিল তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেন খালেদা জিয়া।
বিএনপিতে ফেরার এক বছরের মাথায় আবারও গণমাধ্যমের সামনে দলীয় অবস্থানের বিরুদ্ধে কথা বললেন ব্যারিস্টার হুদা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক এই যোগাযোগমন্ত্রী বলেন, “আমার দলের রাজপথের নীতি দেশকে আজ সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। একটি দেশপ্রেমিক দল হিসেবে বিএনপির বর্তমান কর্মকাণ্ডে দেশবাসী হতাশ।”
দুই নেত্রীর সংলাপের আলোচনার জন্য সাতটি প্রস্তাবও হুদা তুলে ধরেন।
প্রস্তাবের বিষয়গুলো হলো- রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, ওয়ান ইলেভেনের পর বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা, বাংলাদেশকে দলীয়করণমুক্ত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের জন সম্পদ ও প্রাকৃতিক সম্পদ দেশের স্বার্থে ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮১৪ ঘ.
bdnews24