চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপি ও জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দ্রুতবিচার আইনে করা দুই মামলায় ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
একটি মামলায় নগর জামায়াতের আমির ও সাতকানিয়ার সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।
অন্য মামলায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার উভয় মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সাত কর্মদিবসের মধ্যে দুই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আসামিদের সবাই জামায়াত ও বিএনপির নেতাকর্মী।
গত ১৩ মে ১৮ দলীয় জোটের গণমিছিলের আগে সমাবেশ চলাকালে নগরীর কাজীর দেউরী মোড় ও নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
পুলিশ বাদি হয়ে সেদিনই দ্রুতবিচার আইনে তিনটিসহ কোতোয়ালি ও খুলশী থানায় মোট ছয়টি মামলা করে।
কোতোয়ালি থানার এসআই হারুনুর রশিদের করা মামলায় বিএনপি নেতা শাহাদাত ও আসলাম ছাড়াও নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম বক্কর, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু হাসনাতসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলা তদন্ত করেন এসআই মো. জাফর ইকবাল। আসামিদের মধ্যে ১৫ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
একই থানায় এএসআই রফিকুল ইসলামের করা মামলায় শামসুল ইসলাম ছাড়াও নগর জামায়াতের সেক্রেটারি জেনারেল নজরুল ইসলামসহ ২৩ জনকে আসামি করা হয়েছে।
এসআই মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই মামলার তদন্ত করেন। আসামিদের মধ্যে আটজন কারাবন্দি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24