২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা কার্যালয়ে কাজী ফারুক

দীর্ঘ ৩ বছর পর প্রশিকা কার্যালয়ে প্রবেশ করেছেন এ বেসরকারি সংস্থার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৩ বছর পর প্রশিকা কার্যালয়ে প্রবেশ করেছেন এ বেসরকারি সংস্থার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ। রোববার সকাল ১০টার দিকে নিজের সহযোগীদের নিয়ে তিনি মিরপুর ২ নম্বরে প্রশিকা কার্যালয়ে ঢুকে পড়েন তিনি। প্রশিকার পরিচালক আবুল কাশেম পলাশ (ফিল্ড অপারেশন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েক বছর ধরে বঞ্চিতরা কাজী ফারুকের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে এনেছেন। “প্রশিকার বর্তমান প্রধান মাহবুবুল করিমের কাছে অনেক দাবি-দাওয়া করেও তা পেতে ব্যর্থ হয়ে কাজী ফারুককে ফিরিয়ে এনেছেন তারা।” অবশ্য আরেকপক্ষ বলছেন, কাজী ফারুক তার দলবল নিয়ে ‘অন্যায়ভাবে’ প্রশিকা কর্যালয় ‘দখল’ করেছেন। প্রশিকার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, “সকালে অফিস শুরুর আগেই কাজী ফারুক একদল লোক নিয়ে এসে প্রশিকা কার্যালয় দখল করে নেন।” সংস্থাটির সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “গত তিন বছর আগে একটি মহল একটি অবৈধ গভর্নিং বডি তৈরি করে আমাকে প্রতিষ্ঠান থেকে বিতারিত করেছিল।” “এ তিন বছরে তারা প্রশিকাকে ধ্বংস করে দিয়েছে। ৯ হাজার কর্মচারির ৭ হাজার জনকে ছাটাই করেছে। প্রতিষ্ঠানের জমি বিক্রিসহ প্রায় ২৫০ কোটি টাকার সম্পদ নষ্ট করেছে তারা। এছাড়াও প্রশিকার ২২টি দারিদ্র বিমোচন কর্মসূচির সবগুলোই তারা বন্ধ করে দিয়েছে” যোগ করেন কাজী ফারুক। প্রতিষ্ঠানের কর্মচারিদের আহ্বানে এবং সরকারের সমর্থনেই তিনি ফিরে এসেছেন বলে দাবি করে ফারুক বলেন, “প্রশিকাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার মনোভাবেই প্রশিকায় প্রবেশ করেছি।” প্রবেশ পথে কোন বাঁধার মুখে পড়তে হয় নি বলেও জানান তিনি। প্রশিকাকে নিজের ‘সন্তানতুল্য’ মন্তব্য করে ফারুক বলেন, “তিন বছরে একটি মামলা হয়েছিলো। এ মামলায় প্রশিকা এবং প্রশিকা ভবন সম্পর্কৃত দুটি অংশ ছিলো । মামলার দুটি রায়ের প্রথমটি ২০১০ সালে এবং অপরটি ২০১১ সালে আমার অনুকুলে আসে।” রায় অনুকুলে আসার পরেও তিনি এতোদিন ‘কুচক্রিদের বাধায়’ প্রশিকায় প্রবেশ করতে পারেননি বলে দাবি করেন। আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে প্রশিকাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন ফারুক। প্রশিকা ফেডারেশনের বৈশাখী পুরুষ সমিতির কর্মী মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন বছর পরে আমরাও স্যারের (কাজী ফারুক) সঙ্গে প্রবেশ করেছি। আমাদের এতোদিন বিতারিত করে রেখেছিলো তারা।” প্রশিকাকে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে কর্মীরা ২০০৯ সালে কাজী ফারুকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে পরিচালনা পর্ষদ তাকে সরিয়ে দেয়। বিষয়টি আদালতে গড়ালে প্রশিকার দায়িত্ব পান মাহবুবুল করিম। গত বছর অগাস্টে কাজী ফারুক দলবল নিয়ে প্রশিকা কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হলে পাল্টাপাল্টি মামলাও হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএইচএ/আরএ/জেকে/১৪১৩ ঘ.