২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আচরণেই সরকার হার্ড লাইনে: কামরুল

দমন-পীড়নের অভিযোগ কার্যত স্বীকার করে সরকারকে এই পথে নামার জন্য বিএনপির আচরণকে দায়ী করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দমন-পীড়নের অভিযোগ কার্যত স্বীকার করে সরকারকে এই পথে নামার জন্য বিএনপির আচরণকে দায়ী করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বুধবার এক সভায় বলেছেন, “বিএনপির আচরণে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হচ্ছে।” “হিসাব নিকাশ করে কাজ করবেন। সন্ত্রাস করবেন, বুঝে শুনে সন্ত্রাস করবেন,” বিরোধী দলকে হুঁশিয়ার করে বলেন আওয়ামী লীগ নেতা কামরুল। হরতালের ঘটনায় বিরোধী দলের শীর্ষনেতাদের মামলার আসামি করাকে সরকারের দমননীতির অংশ বলে বিএনপি দাবি করে আসছে। আইন প্রতিমন্ত্রী বলেন, “নেতার জন্য যে আইন, কর্মীর জন্যও সেই একই আইন। অপরাধ করলে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। আইন তার নিজের গতিতে চলছে বলেই বিএনপি নেতারা আত্মসমর্পণ করেছেন।” বুধ্বার দুপুরে বিচারিক আদালতে আত্মসমর্পণের পর বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে বিরোধী দল। হরতালে আগে ঢাকায় একটি বাস পোড়ানোর দিকে ইঙ্গিত করে কামরুল বলেন, “জামায়াত-বিএনপির ক্যাডাররা বুধবার দুপুর থেকেই রাজধানীতে তাণ্ডব চালানো শুরু করেছে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, “যারা বাসে আগুন দিচ্ছে, জনজীবন অস্থিতিশীল করতে তাণ্ডব চালাচ্ছে- সেগুলো দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না।” বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন কামরুল। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হরতালে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়ে বলেন, “প্রশাসনের পাশাপাশি আমাদের কাজ আমাদের করতে হবে।” ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া, মুকুল চৌধুরী, বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি এম এ বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এমআই/২০৫০ ঘ.