ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
নেতাদের কারাগারে পাঠানোয় আদালতের আদেশের কয়েক ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
কেন্দ্রীয়ভাবে হরতাল ডাকার আগেই ফখরুলের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় হরতালের কর্মসূচি ঘোষণা করতে থাকে স্থানীয় বিএনপি।
দেশব্যাপী হরতালের কারণে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
হরতালের কর্মসূচি জানিয়ে নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “দেশবাসী নিশ্চয়ই অনুধাবন করবেন, আপনাদের নানামুখী অসুবিধার কথা চিন্তা করে হরতালের মতো কোনো কর্মসূচি দেওয়ার অভিপ্রায় আমাদের ছিল না।
“কিন্তু সরকারের অগণতান্ত্রিক, আইনের শাসন লঙ্ঘনের ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার আমাদের হরতালের কর্মসূচি ঘোষণা করতে হল।”
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত মাসের শেষ দিকে পাঁচ দিন হরতালের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো এবং সচিবালয়ের বিস্ফোরণের ঘটনায় দুটি মামলায় বিএনপি এবং ১৮দলীয় জোটের প্রায় অর্ধশত নেতাকে আসামি করা হয়।
নানা নাটকীয়তার পর বিরোধী নেতারা হাই কোর্টে জামিনের আবেদন জানালে এক মামলায় তাদের আগাম জামিন হলেও দ্রুত বিচার আইনের অন্য মামলায় তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
ওই আদেশ অনুসরণ করে গাড়ি পোড়ানোর মামলায় ৩৩ নেতা বুধবার দুপুরে ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালতের এই সিদ্ধান্তের পরপরই বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীরা মিছিল বের করে। পুরান ঢাকার আদালতপাড়া এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করে বিএনপি সমর্থক আইনজীবীরা।
চট্টগ্রামের চন্দনাইশে এলডিপি সমর্থকরা সড়ক অবরোধ করে। দলটির সভাপতি অলি আহমদও বিএনপি নেতাদের সঙ্গে কারাগারে গেছেন।
এছাড়া সাভারসহ বিভিন্ন এলাকায় বিএনপিকর্মীরা মহাসড়কে ভাংচুর চালায়।
হরতালে ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে নজরুল বলেন, “মিথ্যা মামলা দিয়ে নেতাদের গ্রেপ্তার করলে আন্দোলন বন্ধ হবে না। বিএনপি এমন বৃহৎ দল, যেখানে নেতা না থাকলে কর্মীরাই নেতা হয়ে চলমান আন্দোলন এগিয়ে নেবে।”
বিএনপি নেতাদের জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার এবং আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে সরকারি দলের নেতাদের বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি নেতারা বলছেন, আদালতের ওপর সরকার হস্তক্ষেপ করছে।
নজরুল বলেন, “দেশের সুবিচার প্রার্থী জনগণের সঙ্গে আমরাও হতবাক ও বিস্মিত হয়েছি। ওই মামলায় অভিযুক্ত জাতীয় নেতাদের এফআইআর কিংবা চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়নি। মামলার চার আসামি ঘটনার দিন ঢাকার বাইরে ছিলেন।
“এসব যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপনের পরও আদালতের এমন আদেশ অপ্রত্যাশিত।”
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর থেকে মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। তিনি কারাগারে যাওয়ায় মুখপাত্রের দায়িত্ব কে পালন করবেন- জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “সে সিদ্ধান্ত দল আলোচনা করে নেবে।”
নেতাদের কারাগারে পাঠানোর আদেশের পরপরই নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে ফেলে পুলিশ। সেখানে কর্মীদের ঢুকতেও বাধা দেওয়া হয়।
দলীয় কার্যালয়ে নজরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, এম এ মান্নান, হারুন আল রশিদ, ফজলুর রহমান পটল, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24