ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে কেন্দ্রীয় পর্যায়ে কোনো কর্মসূচি ঘোষণার আগেই চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
এর মধ্যে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের জন্য হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, দিনাজপুর ও বগুড়ায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বিএনপিসহ ১৮ দলের শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জেলায় অনির্দিষ্টকালের হরতাল ঘোষণা করেন জেলা বিএনপি নেতা তৈমুর রহমান।
এর আগে কারাগারে পাঠানোর খবরে শহরে ব্যাপক ভাঙচুর চালায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে বলেন, “সরকার মিথ্যা মামলায় শীর্ষ নেতাদের কারাগারে পাঠিয়েছে। মুক্তি না দিলে এর প্রতিবাদে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
পাবনা প্রতিনিধি জানান, বিকেলে জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত হয়।
পরে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, “সন্ধ্যায় হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল বের করা হবে।”
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া শহরের নবাববাড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, ১৮ দলের নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, রাফি পন্না, জেলা কমিটির উপদেষ্টা জানে আলম খোকা, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. ময়নুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং হরতালের সমর্থনে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
বগুড়া পুলিশের জ্যেষ্ঠ এসএসপি (এ সার্কেল) আরিফুর রহমান মন্ডল জানান, বিক্ষোভ মিছিলের নামে কোন নাশকতামূলক কাজ করতে দেওয়া হবে না।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয় স্থানীয় নেতারা।
দিনাজপুর প্রতিনিধি জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। এদিকে নেতাদের কারাগারে পাঠানোর পর জেলার গনেশতলা জেলরোডে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তবে পুলিশের উপস্থিতির কারণে তারা মিছিল বের করতে পারেনি।
চট্টগ্রাম অফিস জানিয়েছে, সেখানে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামে এলডিপি হরতাল ডেকেছে বলে জানান এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বুধবার সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা নাকচ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
এর আগে হাই কোর্টে তাদের জামিন নাকচ হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭১৪ ঘ.
bdnews24