২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের লাঠিপেটার নিন্দা বিএনপির

চাকরি সরকারি করার দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারি করার দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে বিএনপি। মঙ্গলবার স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় তাদের ওপর জলকামান দিয়ে রঙিন পানি নিক্ষেপ করা হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম বলেন, “পুলিশ ও সরকারের পেটুয়া বাহিনীর এই কর্মকাণ্ডের আমরা নিন্দা জানাই। একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের ন্যায়সংগত জাতীয়করণের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।” চাকরি জাতীয়করণের দাবিতে সোমবার দুপুর থেকে শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলরত শিক্ষকরা। মঙ্গলবার পুলিশি বাধার মুখে শাহবাগে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শেষে আবারো তারা সেখানে ফিরে গেছেন। শিক্ষকনেতারা বলছেন, মঙ্গলবারের মধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১১৭ ঘ.