শরীয়তপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পরিচয়পত্রের ছবি তোলা নিয়ে শুক্রবার শরীয়তপুর সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চলে।
আহতদের মধ্যে জুয়েল (২২) মুজিবুর রহমান মুছা মাদবর (৫০) ও মনির মাদবরকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের শরীয়তপুর সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এদের মধ্যে রয়েছেন হুমায়ুন মাদবর (৪২), ছাত্তার মাদবর (৫৫), দিলু মুন্সি (২৪) ও দেলোয়ার হোসেন মুন্সি (৪৫)।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পালং থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুলাসার ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার কাজ চলছিল।
ছবি তোলার জন্য কে কয়টা ফরম তুলবে তা নিয়ে জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ ফকির এবং তুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
দু’পক্ষই রাজগঞ্জ নতুন বাজারে রামদা, সেনদা, টেটা, বল্লম ও ঢাল সরকী নিয়ে অন্তত দুইঘণ্টা সংঘর্ষ চালায়।
এ সময় রাজগঞ্জ নতুন বাজারে মুজিব স্মৃতি সংসদ ক্লাবসহ তিনটি বাড়িতে ভাংচুর চালায়।
পরে পালং থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মো. জাহিদুল ইসলাম জাহিদ ফকির বলেন, “টিপু মাদবর আমার সর্মথকদের ভোটার করছেন না। তাই আজ ছবি তোলার সময় আমার এক সমর্থক ৫/৬টি জাতীয় পরিচয়পত্রের (ভোটার ফরম) নিয়েছে। এ সময় টিপুর লোকজন ফরম কেড়ে নিয়ে যায়। এ নিয়ে সঘর্ষ হয়।”
চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, “ঘটনার সময় আমি জুমআর নামাজে ছিলাম। বের হয়ে দেখি পরিষদের সামনে হইচই। পরে শুনি জাহিদ ফকিরের এক সর্মথক ৬/৭টি ফরম নিয়ে গেছে। এনিয়ে উপস্থিত লোকজনের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24