২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস রিজভী রতনের বাসায় বিএনপি নেতারা

নিখোঁজ এম ইলিয়াস আলী এবং কারাবন্দি রুহুল কবির রিজভী ও সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান রতনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে শুক্রবার বিকালে তাদের বাসায় যান বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ এম ইলিয়াস আলী এবং কারাবন্দি রুহুল কবির রিজভী ও সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান রতনের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে শুক্রবার বিকালে তাদের বাসায় যান বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সহসভাপতি আবদুল্লাহ আল নোমানসহ নেতারা প্রথমে শ্যামলীর আদাবরে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর বাসায় যান। সেখানে তারা রিজভীর স্ত্রী আরজুমান্দ বানু লাইলীর সঙ্গে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। এরপর বনানীর ডিওএইচএসে কামারুজ্জামান রতনের বাসায় গিয়ে তার স্ত্রী নূর-ই জান্নাত এবং বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর বনানীর বাসায় তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক গিয়াস কাদের চৌধুরী, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল লতিফ জনি, হাবিবুল ইসলাম হাবিব, হেলেন জেরিন খান, আমিনুল ইসলামের নেতারা এ সময়ে উপস্থিত ছিলেন। সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। তাদের ‘গুম’ করা হয়েছে এমন অভিযোগে গত মাসে পাঁচ দিন হরতাল করে বিএনপি। ২৯ এপ্রিল হরতাল চলাকালে বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মামলায় কামরুজ্জামান রতন ও রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও এ দুই মামলায় আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১১১ ঘ.