২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের হামলায় রাবি ছাত্রলীগের ২ নেতা আহত

সশস্ত্র হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগ দাবি করেছে, পূর্বশত্র“তার জের ধরে ছাত্র শিবিরকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

রাজশাহী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগ দাবি করেছে, পূর্বশত্র“তার জের ধরে ছাত্র শিবিরকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর তালাইমারী শিশু কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ইসলামের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ও হবিবুুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ এবং হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ও জিয়াউর রহমান হল শাখার যুগ্ম আহবায়ক রুবেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু জানান, পারভেজ ও রুবেল রাতে সাহেববাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফিরছিলেন। সোয়া ১১টার দিকে তালাইমারী শিশু কবরস্থানের সামনে ৮/১০ জন শিবির ক্যাডার তাদের গতিরোধ করে। অটোরিকশা থেকে নামিয়ে পারভেজ ও রুবেলকে রামদা, চাপাতি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি কোপায় শিবির ক্যাডাররা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত পারভেজ ও রুবেলকে হাসপাতালে পাঠায়। আবু হোসাইন বিপু দাবি করেন, কয়েকদিন আগে শহীদ শামসুজ্জোহা হল থেকে আল আমীন নামে এক শিবির কর্মীকে পারভেজ ও রুবেল পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। এর পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোবাইল ফোনে তাদের হুমকি দিয়ে আসছিল। হামলার ঘটনায় তারা একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। বোয়ালিয়া থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১২৩৯ ঘ.