নরসিংদী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় স্থানীয় এক যুবলীগ লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মাসুম মৃধা (২৭) হিজলা গ্রামের তমিজ মৃধার ছেলে।
নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী জানান, আইয়ুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শিবপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।
ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩৫৫ ঘ.
bdnews24