২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ তো হতেই হবে: আশরাফ

হিলারি ক্লিনটনের সফরের পর সংলাপ নিয়ে সব পক্ষের আলোচনার মধ্যে সরকারি দলের মুখপাত্রের এই মন্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিলারি ক্লিনটনের সফরের পর সব পক্ষের আলোচনার মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বললেন সংলাপের কথা। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে এই সংলাপ কবে, কোন প্রক্রিয়ায় হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশরাফ বলেন, “সংলাপ তো হতেই হবে। এর কোনো বিকল্প নেই।” সংলাপ কোন প্রক্রিয়ায় ও কবে হবে- জানতে চাইলে তিনি বলেন, “যখন সংলাপ প্রক্রিয়া শুরু হবে তখন সবাই দেখবে”। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্যে কূটনৈতিক মহল থেকে সংলাপের কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত সপ্তাহে ঢাকা সফরের পর রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানান। সংলাপের কথা বুধবার বলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতও। আগামী নির্বাচন নিয়ে সংলাপ প্রয়োজন বলে মনে করে আওয়ামী লীগের জোট শরিক জাতীয় পার্টিও। তবে তা জাতীয় সংসদ থেকে শুরু করা উচিত বলে মঙ্গলবার দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সংলাপ বা আলোচনার বিষয়ে প্রধান বিরোধী দল ইতোমধ্যে সায় দিয়ে রেখেছে, তবে এই উদ্যোগ সরকারকেই নেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, নির্দলীয় সরকারের বিষয়ে সরকারের সঙ্গে যে কোনো স্থানে আলোচনা কিংবা সংলাপ করতে আমরা প্রস্তুত আছি। তবে আগে তাদের বিষয়টি নীতিগতভাবে মেনে নেওয়ার ঘোষণা দিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২১৫৫ ঘ.