২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিমের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার

“পদত্যাগপত্র নিজ হাতে লেখা হতে হয়। কিন্তু সোহেল তাজের পদত্যাগপত্র টাইপ করা। এছাড়া দুই ধরনের কালি ব্যবহার করে লেখা পদত্যাগপত্রের স্বাক্ষর ও তারিখ একই হাতে লেখা বলে মনে হয় না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ নিয়ম না মানায় সংসদ সদস্যপদ থেকে তানজিম আহমেদ সোহেল তাজের ইস্তফাপত্র গ্রহণ করেননি স্পিকার আবদুল হামিদ। স্পিকার বুধবার জাতীয় সংসদে নিজের কক্ষে সাংবাদিকদের বলেন, সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী সোহেল তাজের পদত্যাগ পত্রে ‘পদত্যাগ করতে ইচ্ছুক’ কথাগুলো লেখা না থাকায় তা গ্রহণ করা হয়নি। “পদত্যাগপত্র নিজ হাতে লেখা হতে হয়। কিন্তু সোহেল তাজের পদত্যাগপত্র টাইপ করা। এছাড়া দুই ধরনের কালি ব্যবহার করে লেখা পদত্যাগপত্রের স্বাক্ষর ও তারিখ একই হাতে লেখা বলে মনে হয় না,” বলেন স্পিকার। পদত্যাগপত্রটি সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারে যথাযথভাবে লেখা হয়নি বলেও মন্তব্য করেন আব্দুল হামিদ। তিনি বলেন, সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে ‘যথা নিয়মে’ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পত্র দিলে ‘সংবিধানের ওপর ভিত্তি করে’ অবশ্যই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রিত্ব ছাড়ার তিন বছরের মাথায় গত ২৩ এপ্রিল সংসদ সদস্যপদ ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠান তানজিম, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সংসদ সদস্যের প্যাডে লেখা ওই পত্রে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করা না হলেও একই দিনে নিজের নির্বাচনী এলাকা কাপাসিয়ার কর্মী-সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লেখেন তিনি। এতে তিনি বলেন, অনেক ‘চিন্তা-ভাবনা’ করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এর কারণ ‘খুলে বলা’ তার পক্ষে সম্ভব নয়। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে সে সময় রাষ্ট্রপতি তা ‘গ্রহণ করেননি’ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। ওই পদত্যাগপত্র জমা দেওয়ার তিন বছর পরও তানজিমের ব্যাংক হিসাবে প্রতিমন্ত্রীর বেতন-ভাতা জমা হতে থাকায় গত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন তিনি। পাশাপাশি তিনি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানান। ওই চিঠিতে তানজিম বলেন, “২০০৯ সালের ৩১ মে বাংলাদেশ সংবিধানের ৫৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর হাতে আমার পদত্যাগপত্র দিই। ১ জুন আবারো সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। এরপর থেকে অদ্যাবধি প্রতিমন্ত্রী হিসেবে আমি কোথাও কোনো কিছুতে স্বাক্ষর করিনি।” সেই সময় থেকে তার ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। গত ২৩ এপ্রিল পদত্যাগপত্র স্পিকারের কার্যালয়ে জমা দেওয়ার সময় ঢাকার বাইরে বাগেরহাটে এক অনুষ্ঠানে ছিলেন আবদুল হামিদ। পরবর্তীতে তানজিমের পাঠানো পত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন স্পিকার। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী এ সংসদ সদস্যের পদত্যাগপত্রটি মাত্র ৫০ মিনিটে কীভাবে দেশে এসেছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন স্পিকার। “তার পদত্যাগপত্রটি জনৈক কাওসার আলীর মাধ্যমে ২৩ এপ্রিল সকাল ১০টা ৫০ মিনিটে আমার দপ্তরে দেওয়া হয়। তখন আমেরিকার স্থানীয় সময় (মেরিল্যান্ড) ২৩ এপ্রিল প্রথমপ্রহরের ৫০ মিনিট। এ স্বল্প সময়ে (৫০ মিনিটে) পদত্যাগপত্রের হার্ড কপি আসার কথা নয়। যে লোকের মাধ্যমে পত্রটি প্রেরণ করা হয়েছে তার পরিচয়ও স্পষ্ট নয়,” বলেন স্পিকার। ২৩ এপ্রিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত তানজিমের পাঠানো পদত্যাগপত্রের অনুলিপি তুলে ধরে স্পিকার বলেন, গণমাধ্যমে পাঠানো তার চিঠিতে কোনো তারিখ উল্লেখ ছিল না। কিন্তু স্পিকারের দপ্তরে পাঠানো পত্রে তারিখ লেখা হয়েছে। “সংবিধান অনুযায়ী সংসদ সদস্যকে নির্ভয়ে ও স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। কাউকে জোর করে, তার ইচ্ছের বিরুদ্ধেও এ পত্র পাঠাতে বাধ্য করা হতে পারে। তিনি ( সোহেল তাজ) স্বেচ্ছায় করেছেন কি না, তা জানারও কোনো রাস্তা নেই,” যোগ করেন আবদুল হামিদ। তবে একইসঙ্গে তিনি বলেন, পদত্যাগপত্র দেওয়ার পর তানজিমের সঙ্গে তার কথা হয়েছে। তানজিমের দেওয়া পদত্যাগপত্র ‘পরীক্ষাধীন’ জানিয়ে নতুন করে পদত্যাগপত্র দিতে হলে সশরীরে স্পিকারের কাছেই তা দিতে হবে বলে জানান স্পিকার। তিনি বলেন, “এ পদত্যাগপত্রে অনেক জটিলতা রয়ে গেছে। তা নিয়ে আমার সন্দেহ হয়েছে। তার নিজেকে আসতে হবে। তার ইচ্ছে হলে শুদ্ধ আকারে পত্র লিখতে হবে-পদত্যাগ করতে চাই। বাংলাদেশে এসে আমার সামনে তা দিতে হবে। ” ইতোমধ্যে তানজিমের সংসদে অনুপস্থিতি ৫৪ দিন হয়ে গেছে। স্পিকার এ পদত্যাগপত্র গ্রহণ না করলে টানা ৯০ কার্যদিব অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্যপদ খারিজ হতে পারে। পঞ্চম জাতীয় সংসদে স্পিকার শেখ রাজ্জাক আলীর কাছে আওয়ামী লীগের ১৪৭ সাংসদে পদত্যাগপত্র দেওয়ার তথ্য তুলে ধরেন স্পিকার। আবদুল হামিদ বলেন, “বাহকের মাধ্যম আমরা ওই সময়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম। তা স্পিকার গ্রহণ করেননি। কিন্তু একটানা অনুপস্থিতি ৯০ কার্যদিবস হওয়ার পর সদস্যপদ খারিজ হয়ে যায়।” আবুল কাশেম প্রসঙ্গ টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মাহমুদুল হাসানকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট সংসদে পৌঁছেছে। এদিকে আবুল কাশেমের সংসদ সদস্য পদ বাতিল নিয়ে আদালতে রিভিউ পিটিশনের কপিও স্পিকারের কাছে পৌঁছেছে। আবদুল হামিদ বলেন, “রিভিউ পিটিশন আদালতে গৃহীত হলে মাহমুদুল হাসানকে শপথ পড়ানো থেকে বিরত থাকব আমি; তা গৃহীত না হলে আমাকে শপথের ব্যবস্থা নিতে হবে। যা হবে তিন-চার দিনের মধ্যে দ্রুত করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমডি/জেকে/এমআই/২২২৫ ঘ.