২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ করবে ইসি

তবে এই সংলাপ শুধু নির্বাচনের বিষয়ে বলে জানিয়েছেন সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকবে নির্বাচন কমিশন (ইসি)। একথা জানালেও কবে এই সংলাপ হবে, সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। বিগত নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকবার সংলাপ করলেও তিন মাস আগে গঠিত বর্তমান ইসি এখনো সেই ধরনের কিছু করেনি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই প্রধান দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। তবে ওই সংলাপের সঙ্গে ইসির সংলাপের সংশ্লিষ্টতা নেই জানিয়ে সিইসি বলেন, এ বিষয়টি তাদের নয়। ইসি নির্বাচনের বিষয়ে উদ্যোগ নেবে। “আমরা তো নির্বাচন করি। এতে সবার সহযোগিতা নিতে হবে। রাজনৈতিক দল ছাড়াও সবার সঙ্গে বসা দরকার,” ইসির সংলাপের কারণ ব্যাখ্যা করেন তিনি। ‘একটা সেরেছি, অন্যগুলো পর্যায়ক্রমে ধরব’ টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আবুল কাশেমের পদ বাতিল ঘোষণা করে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ হয়েছে। মঙ্গলবার তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিইসি বলেন, “হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।” অন্য যে সব সংসদ সদস্যের বিষয়ে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কাজী রকিব। “একটা তো সেরেছি, অন্যগুলো একটা একটা করে ধরব। কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হয়। আইনের বিধান অনুসরণ করেই আমাদের পদক্ষেপ নিতে হয়। আইন মেনে পদক্ষেপ নিলে কারোরই কিছু বলার থাকে না,” বলেন তিনি। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে কমিশন এখনও আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। রায়ে আসলে কী বলা হয়েছে তা আগে দেখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১২৫ ঘ.